অন্টারিও প্লেস মিউজিক ভেন্যু নিয়ে চুক্তি পক্ষপাতমূলক?

আলী আহমেদ

এনডিপির এমপিপি ক্রিস গ্লোভার লাইভ নেশন–এর ইজারা চুক্তি পর্যালোচনা করে মন্তব্য করেছেন, থার্মের সঙ্গে করা চুক্তিটি স্পষ্টভাবেই পক্ষপাতমূলক

অন্টারিও প্লেসের ভবিষ্যৎ ব্যবস্থাপনা ও বাণিজ্যিক ব্যবহারের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে লাইভ নেশন ও থার্মে–এর সঙ্গে করা পৃথক ইজারা চুক্তি প্রকাশের পর। সমালোচকদের মতে, দুটি চুক্তির শর্ত, মেয়াদ এবং সুযোগ–সুবিধার মধ্যে যে সুস্পষ্ট বৈষম্য রয়েছে, তা জনস্বার্থ ও স্বচ্ছতার প্রশ্নকে আরও জোরালো করেছে।

লাইভ নেশান এবং অন্টারিও প্লেসের দায়িত্বে থাকা ক্রাউন কর্পোরেশনের মধ্যকার ইজারা চুক্তিতে একাধিক কঠোর শর্ত আরোপ করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা, বর্ণবাদী বা বিদ্বেষমূলক কোনো পণ্যের সওদা নিষিদ্ধ করা এবং কোনো অপরাধে জড়িত বা ফৌজদারি অপরাধে দণ্ডিত পারফরমারকে মঞ্চে পারফর্ম করার অনুমতি না দেওয়া। এই শর্তগুলোর অধীনেই লাইভ নেশন পরিচালনা করছে আরবিসি অ্যাম্ফিথিয়েটার, যা আগে বাডওয়েজার স্টেজ নামে পরিচিত ছিল।

তবে সমালোচকদের মূল আপত্তি চুক্তিতে কী আছে, তার চেয়েও বেশি কী নেই, তা নিয়ে। বিশেষ করে থার্মে–এর সঙ্গে করা চুক্তির সঙ্গে তুলনা করলেই এই প্রশ্ন আরও স্পষ্ট হয়ে ওঠে।

থার্মেকে অন্টারিও প্লেসের পার্ক এলাকা ভবিষ্যতে লিজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই প্রতিষ্ঠানের দায়িত্বে থাকবে একটি মেগা স্পা, ওয়াটারপার্ক ও ‘স্টেট-অব-দ্য-আর্ট’ আরবান ওয়েলবিং ওয়েসিস পরিচালনা। কিন্তু এনডিপির এমপিপি ক্রিস গ্লোভার লাইভ নেশন–এর ইজারা চুক্তি পর্যালোচনা করে মন্তব্য করেছেন, “থার্মের সঙ্গে করা চুক্তিটি স্পষ্টভাবেই পক্ষপাতমূলক।”

তথ্য অধিকার আইনে আবেদন করে চুক্তির একটি খসড়া হাতে পাওয়া গেছে। এর আগেও একাধিক সাংবাদিক ও নাগরিক সংগঠনের আবেদনের পর ২০২৪ সালে প্রকাশ করা হয় প্রায় ২২০ কোটি ডলারের থার্মে চুক্তি। অন্টারিওর অডিটর জেনারেলের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই প্রকল্প বরাদ্দের প্রক্রিয়া ছিল অস্বচ্ছ এবং পর্যাপ্ত প্রতিযোগিতামূলক যাচাই ছাড়াই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উভয় চুক্তিতেই কিছু সাধারণ শর্ত থাকলেও পার্থক্য চোখে পড়ার মতো। যেমন লাইভ নেশন তাদের প্রাঙ্গণ কোনোভাবেই থার্মাল স্পা হিসেবে ব্যবহার করতে পারবে না এবং থার্মে কনসার্ট বা থিয়েট্রিক্যাল বিনোদনের আয়োজন করতে পারবে না। কিন্তু চুক্তির মেয়াদ ও সুযোগ–সুবিধার দিক থেকে ফারাক বিশাল।

লাইভ নেশনের সঙ্গে করা ইজারার মেয়াদ ৩০ বছর, যা চাইলে আরও ১৫ বছর বাড়ানো যাবে। অন্যদিকে থার্মে–এর চুক্তির মেয়াদ ৭৫ বছর, সঙ্গে অতিরিক্ত ২০ বছর বর্ধিত করার সুযোগ রাখা হয়েছে যা কার্যত একটি প্রজন্মজুড়ে পাবলিক ল্যান্ডের নিয়ন্ত্রণ তুলে দেওয়ার শামিল বলে মন্তব্য করছেন সমালোচকরা।

নাগরিক সংগঠন অন্টারিও প্লেস ফর অল–এর অ্যান-এলিজাবেথ স্যামসন এক সাক্ষাৎকারে বলেন, “এই দুটি চুক্তির মধ্যকার অসামঞ্জস্য এমন কিছু বিষয় সামনে এনেছে, যা সত্যিই অস্বাভাবিক। সাইট প্রস্তুতের নামে বিপুল অঙ্কের সরকারি অর্থ ব্যয় করা হয়েছে। প্রায় ৮০০টি পরিণত গাছ কেটে ফেলা হয়েছে এবং ভূমি সমান করা হয়েছে। জনগণের মধ্যে যেখানে ব্যাপক ক্ষোভ রয়েছে, সেখানে কেন একটি বেসরকারি প্রতিষ্ঠানকে এ ধরনের অগ্রাধিকার দেওয়া হচ্ছে এই প্রশ্নের কোনো পরিষ্কার উত্তর নেই।”

সব মিলিয়ে, অন্টারিও প্লেসের ভবিষ্যৎ ব্যবস্থাপনা এখন আর কেবল উন্নয়ন প্রকল্পের প্রশ্নে সীমাবদ্ধ নেই। বরং এটি স্বচ্ছতা, জবাবদিহি এবং জনস্বার্থ বনাম কর্পোরেট স্বার্থের সংঘাতের প্রতীক হয়ে উঠেছে যার উত্তর খুঁজছে অন্টারিওর নাগরিক সমাজ।

Related Articles

Back to top button