ওয়েস্টজেটের যাত্রীদের ব্যক্তিগত তথ্য চুরি

কামরুল ইসলাম

ওয়েস্টজেট জানিয়েছে, ক্ষতিগ্রস্ত গ্রাহকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা হবে এবং প্রয়োজনীয় সহায়তাও প্রদান করা হবে।

কানাডাভিত্তিক উড়োজাহাজ পরিবহন সংস্থা ওয়েস্টজেট জানিয়েছে, গত জুনে সংঘটিত সাইবার হামলায় তাদের কিছু যাত্রীর ব্যক্তিগত তথ্য বেহাত হয়েছে। তবে সংস্থাটি দাবি করেছে, গ্রাহকদের কোনো সংবেদনশীল বা আর্থিক তথ্য চুরি যায়নি এবং তাদের ক্রেডিট-ডেবিট কার্ড সম্পূর্ণ নিরাপদ রয়েছে।

সোমবার যুক্তরাষ্ট্রের বাসিন্দাদের উদ্দেশে জারি করা এক আনুষ্ঠানিক নোটিশে ওয়েস্টজেট জানায়, ১৩ জুন ঘটিত ওই সাইবার হামলা ছিল অত্যন্ত উন্নত প্রযুক্তিনির্ভর এবং হামলাটি চালিয়েছে একটি তৃতীয় পক্ষের অপরাধী সাইবার চক্র। প্রাথমিক বিশ্লেষণে দেখা গেছে, হামলাকারীরা ওয়েস্টজেটের নেটওয়ার্কে অননুমোদিত প্রবেশাধিকার পেতে সক্ষম হয়েছিল।

এয়ারলাইনটির দাবি, তাদের অভ্যন্তরীণ সতর্কতামূলক নিরাপত্তা ব্যবস্থা সঠিকভাবে কাজ করায় হ্যাকাররা কোনোভাবেই গ্রাহকদের অর্থনৈতিক তথ্য যেমন ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা অ্যাকাউন্ট পাসওয়ার্ডে প্রবেশ করতে পারেনি। এমনকি প্ল্যাটফর্মে থাকা গেস্ট ইউজারদের পাসওয়ার্ডও চুরি হয়নি।

তবে তদন্তে নিশ্চিত হওয়া গেছে, কিছু গ্রাহকের নাম, যোগাযোগের তথ্য, বুকিং সংক্রান্ত কাগজপত্র, ভ্রমণের বিবরণ এবং এয়ারলাইনটির সঙ্গে গ্রাহকদের সম্পর্কিত কিছু সাধারণ তথ্য উন্মুক্ত হয়ে গেছে। যদিও এই তথ্যগুলো আর্থিকভাবে অত্যন্ত সংবেদনশীল নয়, তবু গ্রাহকদের গোপনীয়তা লঙ্ঘনের ঝুঁকি তৈরি হয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

ওয়েস্টজেট জানিয়েছে, ক্ষতিগ্রস্ত গ্রাহকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা হবে এবং প্রয়োজনীয় সহায়তাও প্রদান করা হবে। এ ছাড়া তারা ইতোমধ্যে এফবিআই, কানাডিয়ান সেন্টার ফর সাইবার সিকিউরিটিসহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে তদন্তে কাজ করছে।

ঘটনার পরপরই ওয়েস্টজেট তাদের সাইবার সিকিউরিটি ব্যবস্থা আরও শক্তিশালী করেছে বলে জানায়। সংস্থাটি বলছে, হামলার ধরণ, তথ্য চুরি হওয়ার পরিমাণ এবং সম্ভাব্য ঝুঁকি বিশ্লেষণের কাজ এখনও চলছে।

সাইবার হামলার এই ঘটনা আবারও তুলে ধরছে যে বিশ্বজুড়ে এয়ারলাইনগুলো ক্রমবর্ধমানভাবে সাইবার অপরাধীদের টার্গেটে পরিণত হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, বিমান পরিবহন খাতের ডিজিটাল অবকাঠামো যত বিস্তৃত হচ্ছে, ততই বেড়ে চলেছে নিরাপত্তা ঝুঁকি যা মোকাবিলায় প্রতিষ্ঠানগুলোকে আরও উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করতে হবে।

Related Articles

Back to top button