টরন্টোর এক চিকিৎসকের লাইসেন্স বাতিল

মুসা বিশ্বাস

কানাডার অন্টারিও কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস-এর ডিসিপ্লিন ট্রাইব্যুনাল এক নজিরবিহীন সিদ্ধান্তে টরন্টোর এক চিকিৎসকের লাইসেন্স বাতিল করেছে।

কানাডার অন্টারিও কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস-এর ডিসিপ্লিন ট্রাইব্যুনাল এক নজিরবিহীন সিদ্ধান্তে টরন্টোর এক চিকিৎসকের লাইসেন্স বাতিল করেছে। অভিযোগ মেডিকেল আদর্শমান ও নীতিমালা উপেক্ষা করে তিনি কোভিড-১৯–সংক্রান্ত বিধিনিষেধ থেকে অব্যাহতি দিতে বিপুল সংখ্যক ভুয়া বা অযৌক্তিক চিঠি দিয়েছেন এবং এর মাধ্যমে ব্যক্তিগত আর্থিক লাভ করেছেন।

ট্রাইব্যুনালের রায়ে বলা হয়েছে, ডা. সেলেস্টে জঁ থার্লওয়েল ২০২১ সালের আগস্ট থেকে অক্টোবর মাত্র তিন মাসের মধ্যে মোট ১,৪২৫টি অব্যাহতি চিঠি প্রদান করেন। এর মধ্যে : ৯৯৯টি চিঠি ছিল কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ থেকে অব্যাহতির জন্য, ২৩০টি চিঠি মাস্ক পরিধান থেকে অব্যাহতির জন্য এবং ১৯৬টি চিঠি পরীক্ষার বাধ্যবাধকতা থেকে অব্যাহতির জন্য। ট্রাইব্যুনালের মতে, এত স্বল্প সময়ে এত বিপুল সংখ্যক অব্যাহতি প্রদান চিকিৎসা বিজ্ঞানের প্রতিষ্ঠিত মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এতে রোগী মূল্যায়নের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি।

রায়ে উল্লেখ করা হয়েছে, প্রতিটি অব্যাহতি চিঠির জন্য তিনি রোগীদের কাছ থেকে ৩০০ ডলার করে ফি নিতেন। উল্লেখযোগ্য বিষয় হলো : এই অর্থ সরাসরি রোগীদের কাছ থেকে নেওয়া হয়েছে এবং অন্টারিও হেলথ ইন্স্যুরেন্স প্ল্যানে কোনো বিল পাঠানো হয়নি। ট্রাইব্যুনাল মনে করে, এই কার্যক্রম ছিল একটি সুসংগঠিত আর্থিক উদ্যোগ, যেখানে চিকিৎসা সেবার নামে বাণিজ্যিক সুবিধা নেওয়া হয়েছে।

রায়ে আরও বলা হয়, এই সেবার কথা দ্রুত মুখে মুখে ছড়িয়ে পড়ে এবং সম্ভাব্য রোগীদের কাছে ইমেইল পাঠানো হতো। সেই ইমেইলে : কীভাবে অব্যাহতি চিঠি পাওয়া যাবে, কী তথ্য দিতে হবে এবং কত খরচ হবে এসব বিষয় স্পষ্টভাবে উল্লেখ করা থাকত। এমনকি রোগীদের জন্য একটি “নমুনা বিবরণ” দেওয়া হতো, যাতে তারা নির্দিষ্ট উপসর্গ বা যুক্তি উল্লেখ করে আবেদন করতে পারেন। ট্রাইব্যুনালের মতে, এটি চিকিৎসা মূল্যায়নের স্বতন্ত্রতা ও নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করে এবং পুরো প্রক্রিয়াকে প্রভাবিত করে।

১১ ফেব্রুয়ারির রায়ে ট্রাইব্যুনাল স্পষ্টভাবে উল্লেখ করেছে যে চিকিৎসক তার পেশাগত দায়িত্ব লঙ্ঘন করেছেন, রোগীদের যথাযথভাবে মূল্যায়ন না করেই অব্যাহতি দিয়েছেন এবং ব্যক্তিগত লাভকে প্রাধান্য দিয়েছেন। এই কারণেই তার চিকিৎসা লাইসেন্স বাতিল করা হয়েছে। পাশাপাশি তাকে ১০,৩৭০ ডলার জরিমানা প্রদান করতে নির্দেশ দেওয়া হয়েছে।

কোভিড-১৯ মহামারির সময় বিশ্বজুড়ে স্বাস্থ্যবিধি যেমন ভ্যাকসিন গ্রহণ, মাস্ক ব্যবহার এবং পরীক্ষা জনস্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই ধরনের অব্যাহতি চিঠি যদি যথাযথ চিকিৎসা মূল্যায়ন ছাড়া দেওয়া হয়, তবে তা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। এই রায় একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয় চিকিৎসা পেশায় নৈতিকতা ও বৈজ্ঞানিক মান বজায় রাখা অপরিহার্য। অন্যথায় কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।

এই ঘটনাটি শুধু একজন চিকিৎসকের ব্যক্তিগত অনিয়ম নয়; বরং এটি চিকিৎসা ব্যবস্থার ওপর আস্থা, জনস্বাস্থ্য নীতি এবং পেশাগত নৈতিকতার প্রশ্নকে সামনে নিয়ে এসেছে। ট্রাইব্যুনালের এই কঠোর পদক্ষেপ ভবিষ্যতে এ ধরনের অনিয়ম প্রতিরোধে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হবে।

Related Articles

Back to top button