
টরন্টোতে অবস্থিত আন্তর্জাতিক দাতব্য সংস্থা হ্যাবিটেট ফর হিউম্যানিটি তাদের নর্থ ইয়র্ক কার্যালয়ের স্টোরেজ কনটেইনার থেকে ১০ হাজার ডলারের বেশি মূল্যের তামার বৈদ্যুতিক তার চুরির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাটি শুক্রবার বিষয়টি নিশ্চিত করে জানায়, চুরি হওয়া এই বৈদ্যুতিক তারগুলো অন্টারিওর নিম্ন-আয়ের পরিবারগুলোর জন্য সাশ্রয়ী আবাসন নির্মাণ কাজে ব্যবহার হওয়ার কথা ছিল।
হ্যাবিটেট ফর হিউম্যানিটির কমিউনিকেশন্স ডিরেক্টর জনি কিয়ঘ জানান, বৃহস্পতিবার ভোর ৩টার দিকে ঘটনাটি ঘটে। কার্যালয়ের বাইরে রাখা একটি বড় স্টোরেজ কনটেইনারের তালা ভেঙে তিনজন চোর দ্রুততার সঙ্গে এসব তার চুরি করে নিয়ে যায়। কিয়ঘ বলেন, “এটা অত্যন্ত হতাশাজনক। আমরা অলাভজনক প্রতিষ্ঠান। যেসব জিনিস মানুষের জন্য ঘর বানাতে ব্যবহৃত হয়, সেগুলোই যদি চুরি হয়ে যায়, এটা খুবই অন্যায়।”
তিনি আরও জানান, ঘটনাটি ২০ মিনিটেরও কম সময়ে সম্পন্ন হয়। নিরাপত্তা ক্যামেরার ফুটেজে দেখা গেছে চোরেরা তিনটি ভ্যানে করে আসে এবং সমন্বিতভাবে কনটেইনারটি ভেঙে ভেতরের তামার তারগুলো নিয়ে যায়।
হ্যাবিটেট ফর হিউম্যানিটি সাধারণত নিম্ন আয়ের পরিবারদের স্বল্পমূল্যে বাড়ি নির্মাণ করতে সহায়তা করে। তাদের প্রতিটি নির্মাণ প্রকল্পেই বৈদ্যুতিক তার অপরিহার্য। কিয়ঘ বলেন, “বৈদ্যুতিক তার ছাড়া বাড়ি নির্মাণ সম্ভব নয়। ১০ হাজার ডলারেরও বেশি মূল্যমানের এই ক্ষতি আমাদের প্রকল্পকে উল্লেখযোগ্যভাবে পিছিয়ে দেবে।”
সংস্থাটি জানায়, চুরি যাওয়া তারগুলো বিশেষভাবে অন্টারিওর কয়েকটি পরিবারকে বাড়ি দেওয়ার জন্য নির্মাণাধীন স্থাপনায় ব্যবহার হওয়ার কথা ছিল।
টরন্টো পুলিশ সার্ভিস চুরি হওয়ার ঘটনাটি তদন্ত করছে। সিসিটিভি ফুটেজ ও ভ্যানগুলোর গতিবিধি বিশ্লেষণ করে চোরদের শনাক্ত করার চেষ্টা চলছে। কিয়ঘ জানান, সাম্প্রতিককালে ওশোয়াতে তাদের আরেকটি নির্মাণ সাইটেও একই ধরনের চুরির ঘটনা ঘটেছিল। ফলে সংস্থাটি ভবিষ্যতে সব সাইটে নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করার পরিকল্পনা করছে।
এত বড় ক্ষতির পরও হ্যাবিটেট ফর হিউম্যানিটি চুরি যাওয়া তার ফেরত পাওয়ার বিষয়ে আশাবাদী। সংস্থার বক্তব্য “আমরা বিশ্বাস করি, যারা এটি চুরি করেছে তারা হয়তো বুঝতে পারেনি যে এগুলো মানুষের জন্য ঘর তৈরির সামগ্রী। আশা করি, কোনোভাবে এগুলো ফিরে পাব।”



