পুরোনো স্বাভাবিকতায় ফিরতে পারে কানাডার আবাসন বাজার

মুসা বিশ্বাস

হগের মতে, গত কয়েক মাসে কানাডার অর্থনৈতিক প্রেক্ষাপটে যে ইতিবাচকতা তৈরি হয়েছে, তা ক্রেতাদের আস্থা ফিরিয়ে এনেছে।

ব্যাংক অব কানাডা নীতিনির্ধারণী সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্তের পর দেশটির আবাসন বাজারে নতুন এক গতি ফিরে আসছে। অর্থনীতিবিদ ও বাজার বিশ্লেষকদের মতে, দীর্ঘ সময়ের অনিশ্চয়তার পর এখন কানাডার আবাসন খাত ধীরে ধীরে মহামারি-পূর্ববর্তী “পুরোনো স্বাভাবিকতা”-র দিকে এগোচ্ছে।

আরবিসি (রয়্যাল ব্যাংক অব কানাডা)-এর সহকারী প্রধান অর্থনীতিবিদ রবার্ট হগ বলেন, “বর্তমানে বাজারে সরবরাহ অনেক বেশি এবং বাড়ি বিক্রির হারও উর্ধ্বমুখী। তবে এই পরিস্থিতি অনেকটাই মহামারি-পূর্ব সময়ের বাজারের মতো যেখানে ক্রেতারা সিদ্ধান্ত নিতে সময় নিতে পারতেন, এবং বাজার ছিল তুলনামূলকভাবে ভারসাম্যপূর্ণ।”

হগের মতে, গত কয়েক মাসে কানাডার অর্থনৈতিক প্রেক্ষাপটে যে ইতিবাচকতা তৈরি হয়েছে, তা ক্রেতাদের আস্থা ফিরিয়ে এনেছে। তিনি আরও বলেন, “আমরা দেখছি ক্রেতারা আবার বাজারে ফিরছে, যা দীর্ঘমেয়াদে আবাসন খাতের জন্য ইতিবাচক সঙ্কেত।”

কানাডিয়ান রিয়েল এস্টেট অ্যাসোসিয়েশন (CREA) জানিয়েছে, জুন মাসে জাতীয়ভাবে বাড়ি বিক্রি বেড়েছে ২.৮ শতাংশ, যা মে মাসের ৩.৫ শতাংশ বৃদ্ধির পর ধারাবাহিক উত্থান। বিশেষ করে গ্রেটার টরন্টো এরিয়া (GTA)-তে এপ্রিলের পর থেকে বাড়ি বিক্রি বেড়েছে ১৭.৩ শতাংশ যা গত কয়েক বছরের মধ্যে অন্যতম উচ্চতম প্রবৃদ্ধি।

তবে CREA-এর জ্যেষ্ঠ অর্থনীতিবিদ শন ক্যাথকার্ট সতর্ক করে বলেন, “বিক্রি বাড়লেও দাম কিন্তু তেমন পরিবর্তন হয়নি। মে মাসের মতোই জুনেও মূল্যচিত্র স্থিতিশীল রয়েছে।” এর মানে বাজারে এখনও ‘স্মার্ট রিবাউন্ড’ হলেও তা দামের ওপর উল্লেখযোগ্য চাপ সৃষ্টি করছে না।

২০২৫ সালের শুরুর দিকে ক্রেতাদের মধ্যে কিছুটা দ্বিধা দেখা গিয়েছিল। বিশেষ করে যুক্তরাষ্ট্রের আসন্ন শুল্কনীতি ও অর্থনৈতিক অনিশ্চয়তা কানাডার বাজারেও প্রভাব ফেলেছিল। অনেকেই তখন অপেক্ষার কৌশল নিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে পরিস্থিতি বদলেছে—ক্রেতারা আবার আত্মবিশ্বাস ফিরে পেতে শুরু করেছেন।

হগ বলেন, “এখন মানুষ বুঝতে পারছে যে বাজারের নতুন স্বাভাবিকতা এই দাম বেশি, সরবরাহ সীমিত, কিন্তু সুযোগ থাকলে এখনই প্রবেশ করা উচিত।”

কানাডিয়ান মর্টগেজ ব্রোকার্স অ্যাসোসিয়েশন আটলান্টিক-এর প্রেসিডেন্ট হান্নাহ মার্টেন্স বলেন, “যেসব ব্রোকারের সঙ্গে কথা বলেছি, তারা সবাই ব্যস্ত। সুদের হার খুব কম নয়, বাড়ির দামও অনেক বেশি, কিন্তু মানুষ এখনো বাড়ি কিনছে। এটা দেখায় যে চাহিদা এখনো যথেষ্ট শক্তিশালী।”

তিনি আরও বলেন, “আমি মনে করি না বাজার এখন পুরোপুরি ভারসাম্যপূর্ণ অবস্থায় আছে এবং হয়তো কখনোই নিখুঁত হবে না। তবে যারা প্রস্তুত, তাদের জন্য এখনই সঠিক সময়।”

আরবিসির বিশ্লেষণ অনুযায়ী, সুদের হারে অতিরিক্ত কাটছাঁটের সম্ভাবনা এখন খুবই কম, যা বাজারে একটি নির্দিষ্ট স্থিতিশীলতা তৈরি করেছে। অর্থনীতিবিদরা মনে করছেন, এই স্থিতিশীল নীতিই ভবিষ্যতে আবাসন বাজারকে আরও শক্তিশালী করবে।

অর্থনৈতিক বিশ্লেষকরা একমত যে, কানাডার আবাসন বাজার এখন এক রূপান্তরের পর্যায়ে রয়েছে যেখানে অতীতের অতিরিক্ত চাহিদা ও অস্থিরতা কমে এসে ধীরে ধীরে একটি ‘টেকসই’ বাজার কাঠামো তৈরি হচ্ছে।

Related Articles

Back to top button