
টরন্টোর আবাসন বাজারে চলতি বছরের অক্টোবর মাসে বিক্রি ও গড় মূল্য উভয় ক্ষেত্রেই উল্লেখযোগ্য কমতি দেখা গেছে। টরন্টো রিজিওনাল রিয়েল এস্টেট বোর্ড (টিআরআরইবি) জানিয়েছে, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং ক্রমাগত আর্থিক চাপ এর মূল কারণ হিসেবে কাজ করছে।
সংস্থাটি জানায়, এ বছরের অক্টোবরে টরন্টোতে মোট বাড়ি বিক্রি হয়েছে ৬ হাজার ১৩৮টি, যা গত বছরের একই সময়ের তুলনায় ৯.৫ শতাংশ কম। যদিও মৌসুমি সমন্বয়ের ভিত্তিতে দেখা যায়, সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে বিক্রির হার কমেছে ২.৩ শতাংশ অর্থাৎ মাসওয়ারি হিসাবেও বাজারে শ্লথতা স্পষ্ট।
বাজারে সরবরাহ বেড়েছে উল্লেখযোগ্যভাবে। অক্টোবর মাসে নতুন লিস্টিং ছিল ১৬ হাজার ৬৯টি, যা গত বছরের একই সময়ের তুলনায় ২.৭ শতাংশ বেশি। একই সঙ্গে সক্রিয় লিস্টিং দাঁড়িয়েছে ২৭ হাজার ৮০৮টিতে, যা গত বছরের তুলনায় ১৭.২ শতাংশ বৃদ্ধি।
বিক্রি কমে যাওয়া এবং লিস্টিং বৃদ্ধি উভয় মিলে বাজারে বাড়ির দামের ওপর নেতিবাচক চাপ তৈরি করেছে। টিআরআরইবির তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় আবাসন মূল্যের বেঞ্চমার্ক সূচক ৫ শতাংশ হ্রাস পেয়েছে।
অক্টোবরে টরন্টোতে গড় বিক্রয়মূল্য দাঁড়িয়েছে ১০ লাখ ৫৪ হাজার ৩৭২ কানাডিয়ান ডলার, যা গত বছরের অক্টোবরের তুলনায় ৭.২ শতাংশ কম। মাসিক ভিত্তিতে দেখা যায়, সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে গড় বাড়ির দাম কমেছে ১.৪ শতাংশ।
টিআরআরইবির প্রেসিডেন্ট আলেচিয়া ব্যারি-স্প্রাউল বলেন, “মূল্য ও সুদের হার কম থাকায় সম্ভাব্য ক্রেতারা তুলনামূলক ভালো অবস্থানে রয়েছেন। যারা চাকরি নিয়ে নিশ্চিত এবং মর্টগেজ পরিশোধে সক্ষম, তারা সাশ্রয়ী বাজার অবস্থার সর্বোচ্চ সুবিধা নিতে পারছেন।”
তবে তিনি উল্লেখ করেন, অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের কারণে অনেক সম্ভাব্য ক্রেতা এখনো বাজারে প্রবেশ করতে সাহস পাচ্ছেন না। মুদ্রাস্ফীতি, বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা এবং সুদের হারের অনিশ্চিত ভবিষ্যৎ তাদের সিদ্ধান্তকে আটকে রাখছে।
অক্টোবর মাসে বিভিন্ন ক্যাটাগরির বাড়ির গড় মূল্যেও উল্লেখযোগ্য পতন লক্ষ্য করা গেছে। ডিটাচড হোমের গড় মূল্য আগের বছরের তুলনায় ৭.৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৩ লাখ ৫৫ হাজার ৫০৬ ডলারে। কন্ডো অ্যাপার্টমেন্টের গড় মূল্য ৪.৭ শতাংশ কমে এসেছে ৬ লাখ ৬০ হাজার ২০৮ ডলারে।
বিশ্লেষকদের মতে, উচ্চ সুদের হারের দীর্ঘমেয়াদি প্রভাব এবং ক্রেতাদের মধ্যে চাকরির নিরাপত্তাহীনতা বাজারকে ধীর করেছে। যদিও সরবরাহ বেড়েছে, কিন্তু ক্রেতার অভাব দামের উপর চাপ সৃষ্টি করছে।
অর্থনীতিবিদরা মনে করছেন, ব্যাংক অব কানাডা ভবিষ্যতে সুদের হার কমাতে পারে যা আবাসন বাজারে নতুন গতি আনতে পারে। তবে দ্রুত পুনরুদ্ধারের লক্ষ্য স্পষ্ট নয়; কারণ বাজারে বিশ্বাস পুনর্গঠন অর্থনৈতিক পরিবেশের উপরই নির্ভরশীল।
টরন্টোর বর্তমান পরিস্থিতি সামগ্রিকভাবে দেশটির আবাসন বাজারের চিত্রকেও স্পষ্ট করে যেখানে সরবরাহ বাড়ছে, কিন্তু ক্রেতারা এখনো অপেক্ষার কৌশল গ্রহণ করছেন।



