নাইটক্লাব অপারেটর সংশ্লিষ্ট অনুদান নিয়ে প্রশ্নের মুখে ফোর্ড সরকার

আলী আহমেদ

মঙ্গলবার প্রশ্নোত্তর পর্বে অন্টারিও এনডিপির নেতা মারিট স্টাইলিস ঘোষণা করেন, প্রাপ্তবয়স্কদের বিনোদন নাকি ওয়েডিং ভেন্যু?

অন্টারিও সরকারের ২৫০ কোটি ডলারের দক্ষতা উন্নয়ন তহবিল (Skills Development Fund – SDF) ঘিরে আবার নতুন করে সন্দেহ ও বিতর্ক দানা বেঁধেছে। প্রাপ্তবয়স্কদের বিনোদনের সঙ্গে সম্পর্কিত একটি ভেন্যুর সাথে যুক্ত এক প্রতিষ্ঠানের কাছে সরকারি তহবিল থেকে অনুদান যাওয়ায় প্রদেশের বিরোধীদলগুলো সরব হয়েছে।

সরকারি নথি পর্যালোচনায় বেরিয়ে এসেছে শ্রম মন্ত্রণালয়ের কাছ থেকে ১ কোটি ডলার অনুদান পাওয়া ‘দ্য সোশ্যাল ইকুয়ালিটি অ্যান্ড ইনক্লুশন সেন্টার’ (SEI) নামের একটি সংস্থার সঙ্গে টরন্টোর এক্সিবিশন গ্রাউন্ডে নতুন চালু হওয়া একটি নাইটক্লাবের ব্যবস্থাপক বা মালিকানাগত সংযোগ রয়েছে।

এই নাইটক্লাবটির নাম FYE Ultraclub, যেটি পরিচালনা করেন জ্লাতকো স্টারকোভস্কি যিনি প্রায় এক দশক ধরে এক্সিবিশন গ্রাউন্ডের হর্টিকালচার বিল্ডিংয়ে বিভিন্ন বড় ইভেন্ট পরিচালনা করে আসছেন এবং এই বছর সেপ্টেম্বরেই নতুন নাইটক্লাবটি উদ্বোধন করেন। তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা দাবি করেছেন, সরকারি তহবিলের কোনো অর্থই এই নাইটক্লাবে ব্যয় করা হয়নি।

মঙ্গলবার অন্টারিও আইনসভায় প্রশ্নোত্তর পর্বে এনডিপি নেতা মারিট স্টাইলিস তীব্র ভাষায় বলেন “প্রাপ্তবয়স্কদের বিনোদন নাকি ওয়েডিং ভেন্যু? অবিশ্বাস্য!” লিবারেল দলের নেতা জন ফ্রেজার আরও এক ধাপ এগিয়ে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন “আমি কখনো ভাবিনি যে এখানে দাঁড়িয়ে এসব বলতে হবে। প্রিমিয়ার কি সত্যিই একটি স্ট্রিপ ক্লাবের মালিকপক্ষকে করদাতাদের ১ কোটি ডলার দিয়েছেন?” জবাবে শ্রমমন্ত্রী ডেভিড পিচ্চিনি এক শব্দে বলেন “না।” তবু পরের দিনও বিরোধীদল প্রশ্ন তুলতে থাকে।

দক্ষতা উন্নয়ন তহবিলের উদ্দেশ্য হলো – কর্মীদের নতুন দক্ষতা অর্জনে সহায়তা, শিল্পক্ষেত্রে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া, শ্রমবাজারে নতুন সুযোগ সৃষ্টি করা। কিন্তু গত সেপ্টেম্বর থেকেই তহবিলটি বিতর্কের কেন্দ্রবিন্দুতে। বিভিন্ন গণমাধ্যম এবং বিরোধীদল অভিযোগ করছে যে, সরকারঘনিষ্ঠ একাধিক সংগঠন “অস্বচ্ছ পদ্ধতিতে” লাখ লাখ ডলার অনুদান পাচ্ছে।

নথি অনুযায়ী SEI নামের সংস্থাটি চার বছরে মোট ৯৮ লাখ ডলার পেয়েছে, তিন দফায় অনুদান পেয়েছে দক্ষতা উন্নয়ন তহবিল থেকে। ফেসবুক পোস্টে SEI জানিয়েছে, তারা কর্মক্ষেত্রে নারীদের প্রত্যাবর্তনে সহায়তা করে, নতুন দক্ষতার প্রশিক্ষণ দিয়ে নারীদের কর্মসংস্থান বাড়ায়, এবং এই লক্ষ্যেই তারা Toronto Event Centre ও Grand Bizarre সহ একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছে। এই Grand Bizarre এর সঙ্গেও যুক্ত আছেন স্টারকোভস্কি, যিনি একইসাথে নতুন নাইটক্লাব FYE Ultraclub পরিচালনা করছেন। এই দুই প্রতিষ্ঠানের সংযোগই প্রশ্ন তুলছে তহবিলের অর্থ ব্যবহারের স্বচ্ছতা নিয়ে।

বিরোধীদলগুলোর অভিযোগ তহবিলের অর্থ বন্টন নিয়ে রাজনৈতিক পক্ষপাত আছে, সরকারের অডিট বা তদারকি নেই এবং অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমের সঙ্গে প্রাপ্তবয়স্ক বিনোদন ব্যবসার সম্পর্ক থাকা প্রশ্নবিদ্ধ। তারা পুরো বিষয়টির স্বাধীন তদন্ত দাবি করেছে।

সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বলছে তহবিলের টাকা শুধুমাত্র প্রশিক্ষণমূলক কর্মসূচিতে ব্যয় হয়েছে, নাইটক্লাব বা প্রাপ্তবয়স্কদের বিনোদনের সঙ্গে তহবিলের কোনো আর্থিক সংযোগ নেই, বিরোধী দল বিষয়টিকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে। তবে নথি থেকে পাওয়া তথ্য এবং ক্লাব পরিচালকের সঙ্গে অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানের সংযোগ জনমনে নতুন প্রশ্ন তৈরি করেছে।

Related Articles

Back to top button