ক্রুজ শিল্পের উচ্চ চাহিদা

মাসুদ করিম

সম্প্রতি আর্জেন্টিনায় থামার পর অভিযাত্রীবাহী ক্রুজ জাহাজ এমভি হোন্ডিয়াস-এ ভ্রমণরত তিন যাত্রীর মৃত্যু হয়।

বিশ্বজুড়ে বিলাসবহুল সমুদ্রভ্রমণের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। সাম্প্রতিক সময়ে ক্রুজ জাহাজে হান্টাভাইরাস ও নরোভাইরাস সংক্রমণের ঘটনা আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিলেও, এতে ক্রুজ ভ্রমণের চাহিদা কমবে বলে মনে করছেন না শিল্পসংশ্লিষ্টরা। বরং চলতি বছর রেকর্ডসংখ্যক মানুষ সমুদ্রপথে ছুটি কাটাতে বের হবেন বলে ধারণা করা হচ্ছে।

সম্প্রতি আর্জেন্টিনায় থামার পর অভিযাত্রীবাহী ক্রুজ জাহাজ এমভি হোন্ডিয়াস-এ ভ্রমণরত তিন যাত্রীর মৃত্যু হয়। পরে জানা যায়, তারা হান্টাভাইরাসে আক্রান্ত ছিলেন। একই সময়ে ফ্রান্সের বোর্দো বন্দরে নোঙর করা একটি ব্রিটিশ ক্রুজ জাহাজে নরোভাইরাস সংক্রমণের ঘটনাও আতঙ্ক তৈরি করে। তবে এসব ঘটনা সত্ত্বেও ক্রুজ শিল্পের গতি কমার কোনো ইঙ্গিত মিলছে না।

একজন ক্রুজ শিল্প বিশ্লেষক বলেন, এ ধরনের স্বাস্থ্যঝুঁকির ঘটনা সাধারণত ক্রুজ ভ্রমণকারীদের সিদ্ধান্তে বড় প্রভাব ফেলে না। তাঁর ভাষায়, “ক্রুজ ভোক্তারা বেশিরভাগ সময় এমন ঘটনাকে সাময়িক সমস্যা হিসেবেই দেখেন। তারা পুরো শিল্পকে দায়ী করেন না।”

বিশ্বব্যাপী ক্রুজ কোম্পানিগুলোর প্রতিনিধিত্বকারী বাণিজ্য সংগঠন ক্রুজ লাইন্স ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন এপ্রিলের মাঝামাঝি প্রকাশিত তাদের বার্ষিক পূর্বাভাসে জানিয়েছে, ২০২৬ সালে প্রায় ৩ কোটি ৮৩ লাখ মানুষ সমুদ্রগামী ক্রুজ জাহাজে ভ্রমণ করবেন। গত বছরের তুলনায় এটি প্রায় ৪ শতাংশ বেশি। উল্লেখযোগ্যভাবে, ২০২৫ সালেও রেকর্ড ৩ কোটি ৭২ লাখ যাত্রী ক্রুজ ভ্রমণ করেছিলেন।

মহামারির পর মানুষের ভ্রমণ প্রবণতায় বড় পরিবর্তন এসেছে। দীর্ঘদিন ঘরে থাকার অভিজ্ঞতার পর অনেকেই এখন বিলাসবহুল ও অভিজ্ঞতাভিত্তিক ভ্রমণের দিকে ঝুঁকছেন। ক্রুজ ভ্রমণ সেই চাহিদার অন্যতম বড় অংশ হয়ে উঠেছে। সমুদ্রের মধ্যে একসঙ্গে বিনোদন, খাবার, অবকাশ এবং একাধিক গন্তব্য ঘোরার সুযোগ থাকায় এটি এখন মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত পর্যটকদের কাছে আকর্ষণীয় বিকল্প।

তবে এমভি হোন্ডিয়াসের ঘটনায় ভবিষ্যৎ বুকিংয়ে কোনো প্রভাব পড়তে পারে কি না এ প্রশ্নে সতর্ক অবস্থান নিয়েছে শিল্প সংগঠনটি। তারা জানিয়েছে, বুকিং প্রবণতা নিয়ে এখনই কোনো মন্তব্য করা সম্ভব নয়। একইসঙ্গে বিশ্বের কয়েকটি বড় ক্রুজ কোম্পানি যেমন রয়্যাল ক্যারিবিয়ান, নরওয়েজিয়ান এবং কার্নিভালের গ্রাহক চাহিদা বা সম্ভাব্য প্রভাব নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

এদিকে এমভি হোন্ডিয়াসের মালিক ডাচ প্রতিষ্ঠান ওশানওয়াইড এক্সপিডিশন জানিয়েছে, তাদের পরিচালনায় কোনো পরিবর্তনের প্রয়োজন দেখা যাচ্ছে না। কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, যাত্রী নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে এবং নির্ধারিত সময়েই আগামী ২৯ মে আইসল্যান্ডের কেফলাভিক বন্দর থেকে নতুন যাত্রা শুরু হবে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা অবশ্য সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। তাদের মতে, ক্রুজ জাহাজে একসঙ্গে বিপুলসংখ্যক মানুষের অবস্থান ভাইরাস সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে দেয়। বিশেষ করে নরোভাইরাস অত্যন্ত দ্রুত ছড়াতে সক্ষম এবং এটি বদ্ধ পরিবেশে সহজেই এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির মধ্যে ছড়িয়ে পড়ে। তাই হাত ধোয়া, খাবারের স্বাস্থ্যবিধি মেনে চলা এবং অসুস্থ অবস্থায় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।

তবুও অভিজ্ঞ পর্যটকদের বড় একটি অংশ মনে করেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা তাদের ভ্রমণ পরিকল্পনা বদলে দেওয়ার মতো নয়। অনেকের মতে, বিমান, হোটেল কিংবা অন্য যেকোনো গণপরিবহনেও সংক্রমণের ঝুঁকি থাকে। তাই কেবল ভাইরাস আতঙ্কের কারণে ক্রুজ ভ্রমণ থেকে সরে আসার কারণ দেখছেন না তারা।

সাম্প্রতিক স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ থাকলেও বৈশ্বিক ক্রুজ শিল্প এখনো শক্ত অবস্থানে রয়েছে। বরং ভ্রমণপিপাসু মানুষের ক্রমবর্ধমান আগ্রহ এবং বিলাসবহুল পর্যটনের বিস্তার ইঙ্গিত দিচ্ছে আগামী বছরগুলোতে এই শিল্প আরও বড় হতে পারে।

মাসুদ করিম : লোকাল জার্নালিজম ইনিশিয়েটিভ রিপোর্টার

Related Articles

Back to top button