টরন্টোতে ওয়েস্ট নাইল ভাই রাস শনাক্ত: মৌসুমি ঝুঁকি কম হলেও সতর্কতায় জোর, দশ বছরের প্রবণতা বিশ্লেষণ

দিদার হোসেন

টরন্টো জনস্বাস্থ্য বিভাগ জানিয়েছে, শহরের বিভিন্ন এলাকায় বসানো ফাঁদ থেকে সংগৃহীত মশার তিনটি ব্যাচে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত হয়েছে।

টরন্টো জনস্বাস্থ্য বিভাগ জানিয়েছে, শহরের বিভিন্ন এলাকায় বসানো ফাঁদ থেকে সংগৃহীত মশার তিনটি ব্যাচে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত হয়েছে। চলতি মৌসুমে এটিই প্রথমবারের মতো টরন্টোতে ভাইরাস শনাক্ত হলো। যদিও সামগ্রিক ঝুঁকি তুলনামূলকভাবে কম বলে কর্তৃপক্ষ জানিয়েছে, তবুও নাগরিকদের ব্যক্তিগত সতর্কতা অবলম্বনের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।

শুধু টরন্টো নয়, আশপাশের ইয়র্ক অঞ্চলেও ভাইরাসবাহী মশা শনাক্ত হয়েছে এবং সেখানে চলতি বছরের প্রথম মানব সংক্রমণ নিশ্চিত হয়েছে। জুলাইয়ের শেষ দিকে টরন্টোতেও একজন আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর থেকেই জনস্বাস্থ্য বিভাগ অতিরিক্ত সতর্কতা জারি করেছে।

ওয়েস্ট নাইল ভাইরাস মূলত সংক্রমিত মশার কামড়ের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে। সাধারণত সংক্রমণের লক্ষণ দেখা দিতে ২ থেকে ১৪ দিন সময় লাগে। হালকা উপসর্গের মধ্যে রয়েছে: জ্বর, মাথা ব্যথা, শরীর ব্যথা, বমি বমি ভাব ও বমি। তবে ৫০ বছরের বেশি বয়সী বা রোগপ্রতিরোধ ক্ষমতা দুর্বল ব্যক্তিদের ক্ষেত্রে স্নায়ুতন্ত্রে গুরুতর জটিলতা তৈরি হতে পারে। যেমন এনসেফালাইটিস (মস্তিষ্কে প্রদাহ) বা মেনিনজাইটিস (মস্তিষ্ক ও স্পাইনাল কর্ডের আবরণে প্রদাহ)। কিছু ক্ষেত্রে সংক্রমণ প্রাণঘাতীও হতে পারে।

প্রতিবছর জুনের মাঝামাঝি থেকে সেপ্টেম্বর পর্যন্ত টরন্টোতে মশা পর্যবেক্ষণ কর্মসূচি চালানো হয়। বিভিন্ন এলাকায় ফাঁদ বসিয়ে মশা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। সংক্রমিত মশা শনাক্ত হলেই সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেওয়া হয়। এই পদক্ষেপগুলির মধ্যে রয়েছে লার্ভিসাইডিং (মশার লার্ভা ধ্বংস), স্থির পানি অপসারণ, নাগরিকদের সচেতনতা কার্যক্রম।

অন্টারিওতে ওয়েস্ট নাইল ভাইরাসের সংক্রমণ হার বছরে বছরে ওঠানামা করছে। ২০১২ সালে প্রদেশজুড়ে ৩০০-রও বেশি মানুষ আক্রান্ত হয়েছিলেন, যা সর্বোচ্চ রেকর্ড। এরপর কিছু বছর তুলনামূলক শান্ত থাকলেও মাঝেমধ্যে আবার সংক্রমণ বেড়েছে। ২০২২ সালে অন্টারিওতে ৯৪ জন আক্রান্ত হন, যাদের মধ্যে কয়েকজন গুরুতর জটিলতায় মারা যান। প্রবণতা অনুযায়ী দেখা গেছে, গ্রীষ্মের শেষভাগ ও শরতের শুরুতে সংক্রমণ বেশি দেখা দেয়।

বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে দীর্ঘায়িত গরম মৌসুম মশার জীবনচক্র দীর্ঘ করছে। এর ফলে উত্তর আমেরিকার বড় শহরগুলোতে নতুনভাবে ওয়েস্ট নাইল ভাইরাসের ঝুঁকি তৈরি হচ্ছে। শুধু সরকারি পর্যবেক্ষণ নয়, ব্যক্তিগত সতর্কতাও এখন সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

টরন্টো জনস্বাস্থ্য বিভাগ নাগরিকদের জন্য কয়েকটি নির্দেশনা দিয়েছেন। যেমন – সকাল ও সন্ধ্যায় বাইরে গেলে মশা প্রতিরোধক স্প্রে ব্যবহার করতে হবে, শরীর যতটা সম্ভব ঢেকে রাখতে হবে, যেমন লম্বা হাতা জামা ও ফুলপ্যান্ট। হালকা রঙের পোশাক পরা উত্তম, দরজা ও জানালায় জালি বা মশারি ব্যবহার করতে হবে এবং বাড়ির ভেতর ও আশপাশে স্থির পানি জমতে দেওয়া যাবে না, কারণ এগুলো মশার প্রজননস্থল।

বিশেষজ্ঞদের মতে, যদি সরকারি নজরদারি কার্যক্রমের পাশাপাশি নাগরিকরাও নিয়মিত সতর্ক থাকেন, তবে সংক্রমণের ঝুঁকি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এ বছরের পর্যবেক্ষণ কার্যক্রম সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

সামগ্রিকভাবে, টরন্টো ও আশপাশের এলাকায় পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণযোগ্য হলেও ব্যক্তিগত সতর্কতা ও সচেতনতা বজায় রাখা আগামী কয়েক সপ্তাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Related Articles

Back to top button