অ্যামাজনের অ্যাজাক্স সেন্টার থেকে চুরি যাওয়া আরও পণ্য সামগ্রী উদ্ধার

জুমু চৌধুরী

কানাডার অন্টারিও প্রদেশের অ্যাজাক্সে অবস্থিত অ্যামাজনের একটি ফুলফিলমেন্ট সেন্টার থেকে বিপুল পরিমাণ পণ্য চুরির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে ডারহাম আঞ্চলিক পুলিশ।

কানাডার অন্টারিও প্রদেশের অ্যাজাক্সে অবস্থিত অ্যামাজনের একটি ফুলফিলমেন্ট সেন্টার থেকে বিপুল পরিমাণ পণ্য চুরির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে ডারহাম আঞ্চলিক পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে সেন্টারে কর্মরত দুই কর্মীও রয়েছেন। পুলিশ জানিয়েছে, গত দুই বছরের বেশি সময় ধরে পরিকল্পিতভাবে প্রায় ২০ লাখ ডলার মূল্যের পণ্য চুরি করা হয়েছে।

ডারহাম পুলিশ ১৭ ডিসেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ৭৮৯ ওয়েস্টনি রোডে অবস্থিত অ্যামাজনের ফুলফিলমেন্ট সেন্টারে কর্মরত দুই কর্মীর বিরুদ্ধে গত নভেম্বরে তদন্ত শুরু করা হয়। অ্যামাজনের লস প্রিভেনশন টিমের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই তদন্ত শুরু হয়। অভিযোগ ছিল, সংশ্লিষ্ট কর্মীরা দীর্ঘ সময় ধরে গুদাম থেকে উচ্চমূল্যের ইলেক্ট্রনিকস ও অন্যান্য পণ্য বাইরে পাচার করে আসছিলেন।

পুলিশ জানায়, তদন্তের অংশ হিসেবে প্রথমে স্কারবোরোর একটি বাড়িতে তল্লাশি পরোয়ানা কার্যকরের আগে ওই দুই কর্মীকে গ্রেপ্তার করা হয়। পরে স্কারবোরো ও নিউমার্কেট এলাকায় পৃথক অভিযান চালিয়ে আরও তিনজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়। এসব অভিযানে পুলিশ প্রায় আড়াই লাখ ডলারের বেশি মূল্যের উচ্চমূল্যের ইলেক্ট্রনিক পণ্য এবং নগদ ৫০ হাজার ডলার জব্দ করে।

ডারহাম পুলিশের তদন্তকারীরা জানান, এখানেই অভিযান শেষ হয়নি। গত ২৩ ডিসেম্বর নিউমার্কেট এলাকায় পরিচালিত আরেকটি তল্লাশি অভিযানে আরও প্রায় এক লাখ ৩০ হাজার ডলার মূল্যের ইলেক্ট্রনিকস সামগ্রী ও অন্যান্য পণ্য উদ্ধার করা হয়। এসব পণ্য একটি স্টোরেজ লকারে মজুত করে রাখা হয়েছিল বলে জানায় পুলিশ।

এ ঘটনায় নিউমার্কেটের বাসিন্দা ৩৬ বছর বয়সী মেহুল বলদেবভাই প্যাটেলের বিরুদ্ধে ৫ হাজার ডলারের বেশি মূল্যের চোরাই পণ্য রাখার অতিরিক্ত অভিযোগ আনা হয়েছে। এর আগে তার বিরুদ্ধে পাচারের উদ্দেশ্যে অপরাধের মাধ্যমে অর্জিত সম্পদ রাখা, জালিয়াতি এবং চুরিসহ একাধিক গুরুতর অভিযোগ দায়ের করা হয়েছিল।

পুলিশের মতে, এটি একটি সুসংগঠিত চক্রের কাজ, যেখানে ভেতরের কর্মীদের সহায়তায় দীর্ঘ সময় ধরে গুদাম থেকে পণ্য সরিয়ে নেওয়া হয়েছে। তদন্ত এখনো চলমান রয়েছে এবং আরও কেউ জড়িত থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

ডারহাম আঞ্চলিক পুলিশ এই ঘটনার সঙ্গে সম্পর্কিত কোনো অতিরিক্ত তথ্য থাকলে সাধারণ জনগণকে তাদের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে।

Related Articles

Back to top button