নোভা স্কশিয়ার বিরুদ্ধে স্থানীয় অ্যালকোহলকে সুবিধা দেওয়ার অভিযোগ

দিদার হোসেন

কানাডার বিভিন্ন প্রদেশে স্থানীয়ভাবে উৎপাদিত স্পিরিট বা মদকে বিশেষ সুবিধা দিয়ে মার্কিন পণ্যের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে এমন অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্রের অ্যালকোহল উৎপাদকদের একটি প্রভাবশালী সংগঠন।

কানাডার বিভিন্ন প্রদেশে স্থানীয়ভাবে উৎপাদিত স্পিরিট বা মদকে বিশেষ সুবিধা দিয়ে মার্কিন পণ্যের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে এমন অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্রের অ্যালকোহল উৎপাদকদের একটি প্রভাবশালী সংগঠন। তাদের দাবি, এই নীতি আন্তর্জাতিক বাণিজ্য নিয়মের পাশাপাশি যুক্তরাষ্ট্র–মেক্সিকো–কানাডা মুক্ত বাণিজ্য চুক্তির ও লঙ্ঘন।

যুক্তরাষ্ট্রের ডিস্টিল্ড স্পিরিটস কাউন্সিল সম্প্রতি যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের কাছে ৭৭ পৃষ্ঠার একটি বিস্তারিত প্রস্তাবনা জমা দিয়েছে। এতে বৈশ্বিক পর্যায়ে মার্কিন অ্যালকোহল শিল্প যেসব বাণিজ্যিক প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছে, তার পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরা হয়েছে। এই প্রস্তাবনায় কানাডা সংক্রান্ত বিষয় নিয়ে ছয় পৃষ্ঠা জুড়ে আলাদা আলোচনা করা হয়েছে।

নথিতে অভিযোগ করা হয়েছে, কানাডার প্রায় সব প্রদেশ মাত্র দুটি প্রদেশ বাদে তাদের খুচরা দোকানের তাক থেকে মার্কিন স্পিরিট সরিয়ে ফেলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় কানাডার প্রাদেশিক সরকারগুলো এই পদক্ষেপ নেয় বলে দাবি করা হয়েছে।

এই সিদ্ধান্তের ফলে কানাডার বাজারে মার্কিন অ্যালকোহল পণ্যের প্রবেশ কার্যত বাধাগ্রস্ত হয়েছে এবং এতে যুক্তরাষ্ট্রের ডিস্টিলারদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে বলে কাউন্সিল জানিয়েছে।

বিশেষ করে নোভা স্কশিয়া প্রদেশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে মার্কিন ডিস্টিলাররা। তাদের দাবি, নোভা স্কশিয়া লিকার কর্পোরেশন স্থানীয়ভাবে উৎপাদিত রাম, হুইস্কি ও অন্যান্য স্পিরিটকে অগ্রাধিকারমূলক সুবিধা দিচ্ছে।

কাউন্সিলের তথ্যমতে, বোতলের ধরন অনুযায়ী নোভা স্কশিয়ার স্থানীয় স্পিরিটের ওপর অতিরিক্ত মূল্য আরোপ করা হচ্ছে ৫০ থেকে ৮০ শতাংশ। বিপরীতে, আমদানিকৃত বিশেষ করে মার্কিন লিকারের ওপর এই অতিরিক্ত মূল্য ১৬০ শতাংশ পর্যন্ত ধার্য করা হচ্ছে। ফলে একই ধরনের পণ্যের ক্ষেত্রে স্থানীয় ও আমদানিকৃত স্পিরিটের মধ্যে দামের বিশাল বৈষম্য তৈরি হচ্ছে।

যুক্তরাষ্ট্রের ডিস্টিলারদের দাবি, এই ধরনের অতিরিক্ত মূল্য আরোপ বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মের সঙ্গে স্পষ্টতই অসামঞ্জস্যপূর্ণ। পাশাপাশি এটি যুক্তরাষ্ট্র–মেক্সিকো–কানাডা মুক্ত বাণিজ্য চুক্তির মূল নীতিরও পরিপন্থী, যেখানে সদস্য দেশগুলোর মধ্যে ন্যায্য ও বৈষম্যহীন বাণিজ্যের কথা বলা হয়েছে।

নথিতে উল্লেখ করা হয়েছে, প্রাদেশিক সরকারগুলো স্থানীয় শিল্পকে সুরক্ষা দেওয়ার নামে আমদানিকৃত স্পিরিটের বিরুদ্ধে পরিকল্পিতভাবে বৈষম্যমূলক আচরণ করছে।শুধু নোভা স্কশিয়া নয় আলবার্টা, সাস্কেচুয়ান, নিউ ব্রান্সউইক, প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড এবং নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডোর প্রদেশেও স্থানীয় কোম্পানিগুলোকে একই ধরনের সুবিধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রের ডিস্টিল্ড স্পিরিটস কাউন্সিল।

এই বৈষম্যের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের হস্তক্ষেপ কামনা করেছে সংগঠনটি। তারা চায়, গ্রিয়ার যেন কানাডার কেন্দ্রীয় সরকার এবং সংশ্লিষ্ট প্রাদেশিক কর্তৃপক্ষের প্রতি আনুষ্ঠানিক আহ্বান জানান, যাতে আন্তর্জাতিক বাণিজ্য চুক্তির শর্ত মেনে চলা হয়।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেমিসন গ্রিয়ারকে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি হিসেবে নিয়োগ দেন।

Related Articles

Back to top button