ওয়েস্ট কেলোনায় আরও দাবানলের আশঙ্কায় উদ্বেগ বাড়ছে

আলী আহমেদ

ব্রিটিশ কলাম্বিয়ার ওয়েস্ট কেলোনার নেবারহুডগুলোতে আরও দাবানলের সম্ভাবনায় বাসিন্দারা উচ্চ সতর্কতায় রয়েছেন

কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার ওয়েস্ট কেলোনা শহরে ফের দাবানলের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একাধিক নেবারহুডে হঠাৎ আগুন লাগার ঘটনায় স্থানীয় বাসিন্দারা এখন গভীর উদ্বেগে দিন কাটাচ্ছেন। ফায়ার রেসকিউ কর্মকর্তারা বলছেন, সাম্প্রতিক অগ্নিকাণ্ডগুলো কেবল প্রাকৃতিক দুর্ঘটনা নয় বরং ইচ্ছাকৃতভাবে লাগানো হতে পারে।

স্থানীয় বাসিন্দা জেনিফার মেকলিফ বলেন, “এটা সত্যিই খুব ভয়ের। আমরা চোখ কান খোলা রাখছি। সামান্য ধোঁয়া দেখলেও ভয় পাচ্ছি, কারণ আগুন কখন কোথা থেকে ছড়িয়ে পড়বে বলা মুশকিল।”

ওয়েস্ট কেলোনা ফায়ার রেসকিউয়ের ক্রুরা সোমবার সন্ধ্যায় দুটি পৃথক স্থানে আগুন নেভাতে ছুটে যান। প্রথম আগুনের খবর আসে বিকেল ৫টার দিকে, আর দ্বিতীয়টির সূত্রপাত হয় রাত ৯টার দিকে। দুটি ঘটনাই লোয়ার গেলাটলি এলাকায়, যা শহরের সিটি হল থেকে খুব দূরে নয়।

কর্মকর্তারা জানিয়েছেন, আগুন দুটির সন্দেহজনক উৎস পাওয়ার পর তারা ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেন। আরও আশঙ্কার বিষয় হলো এই দুটি আগুন নেভানোর কিছুক্ষণের মধ্যেই কাছাকাছি এলাকায় আবারও কয়েকটি ছোট আগুন দেখা দেয়। এসব ঘটনার মধ্যে ইচ্ছাকৃতভাবে অগ্নিসংযোগের ইঙ্গিত পাওয়ায় পুলিশ ও অগ্নিনির্বাপক দল এখন যৌথভাবে তদন্তে নেমেছে।

ওয়েস্ট কেলোনা শহরে গত কয়েক সপ্তাহ ধরেই একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। গত সপ্তাহে পৃথক দুটি আগুনের ঘটনায় পুলিশ দুইজন সন্দেহভাজন (বয়স ৩০ বছর) ব্যক্তিকে গ্রেপ্তারের কথা জানিয়েছিল। তবে এই নতুন আগুনগুলোর সঙ্গে সেই দুইজনের সরাসরি কোনো সম্পর্ক আছে কি না, তা এখনও নিশ্চিত নয়।

রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) জানিয়েছে, তারা ফায়ার রেসকিউ টিমের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে। প্রতিটি অগ্নিকাণ্ডের স্থান, সময়, এবং আগুন লাগার ধরন বিশ্লেষণ করে দেখা হচ্ছে কোনো সাজুয্য বা ধারাবাহিকতা রয়েছে কি না।

ওয়েস্ট কেলোনা ফায়ার রেসকিউর মুখপাত্র বলেন, “এখন আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সম্ভাব্য অগ্নিসংযোগকারীদের শনাক্ত করা এবং নতুন কোনো আগুন যাতে না লাগে তা নিশ্চিত করা। প্রতিটি ঘটনা আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।”

এদিকে, স্থানীয় প্রশাসন ও ফায়ার ডিপার্টমেন্ট বাসিন্দাদের উদ্দেশে সতর্কবার্তা জারি করেছে।

তারা আহ্বান জানিয়েছেন “যদি কেউ ধোঁয়ার কুণ্ডলী, আগুনের শিখা, বা সন্দেহজনক কোনো ব্যক্তিকে আগুন সংক্রান্ত এলাকায় দেখতে পান, সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে জানান।”

ওয়েস্ট কেলোনা ও আশপাশের অঞ্চলে এখন উচ্চ সতর্কতা জারি রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে দাবানল কানাডার পশ্চিমাঞ্চলের জন্য এক দুঃস্বপ্ন হয়ে উঠেছে। পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত গরম ও শুষ্ক আবহাওয়া এবং মানবসৃষ্ট অসচেতনতা একত্রে এই বিপর্যয়ের মাত্রা আরও বাড়িয়ে দিচ্ছে।

বর্তমানে শহরের বেশ কিছু অংশে অগ্নিকাণ্ডের সম্ভাবনায় ফায়ার প্যাট্রোল ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে। ফায়ার টিমের সদস্যরা রাতদিন মাঠে কাজ করছেন, আর স্থানীয়রা প্রার্থনা করছেন এই আগুন যেন দ্রুত নিয়ন্ত্রণে আসে এবং নতুন করে কোনো বিপর্যয় না ঘটে।

Related Articles

Back to top button