নতুন করে হামে আক্রান্তের ঘটনা তদন্ত করছে পিপিএইচ

আনাস মোহাম্মদ

পিল পাবলিক হেলথ (পিপিএইচ) এ সপ্তাহের শুরুতে এয়ার কানাডার একটি টরন্টোগামী ফ্লাইটে ভ্রমণকারী এক যাত্রীর দেহে হাম শনাক্ত হওয়ার পর ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে।

পিল পাবলিক হেলথ (পিপিএইচ) এ সপ্তাহের শুরুতে এয়ার কানাডার একটি টরন্টোগামী ফ্লাইটে ভ্রমণকারী এক যাত্রীর দেহে হাম শনাক্ত হওয়ার পর ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে। এ নিয়ে চলতি বছরে পিল অঞ্চলে মোট ছয়জনের দেহে হাম শনাক্ত হলো যা গত বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণ।

স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ৩ মে সিয়াটল থেকে টরন্টোগামী এয়ার কানাডা ফ্লাইট এসি৫৪০–এর যাত্রীরা সম্ভাব্য সংক্রমণের ঝুঁকিতে পড়তে পারেন। এ ছাড়া টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ১–এ সেদিন রাত সাড়ে ৭টা থেকে রাত ১০টার মধ্যে যারা অবস্থান করেছিলেন, তারাও ভাইরাসটির সংস্পর্শে এসে থাকতে পারেন।

পিপিএইচ বলেছে, যাদের সংক্রমণের ঝুঁকি বেশি বলে মনে হবে, তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা হবে। তবে যেকোনো ব্যক্তি যদি মনে করেন যে তিনি ওই সময় ফ্লাইটে ছিলেন অথবা টার্মিনালে অবস্থান করেছিলেন, তাহলে দ্রুত নিজের ভ্যাকসিনেশন রেকর্ড যাচাই করার পরামর্শ দেওয়া হচ্ছে হামের নিয়মিত টিকাগুলো হালনাগাদ আছে কিনা তা নিশ্চিত করতে।

স্বাস্থ্য ইউনিট জানায়, হামের উপসর্গ শুরু হয় সাধারণত অত্যন্ত উচ্চ জ্বর দিয়ে, সঙ্গে কাশি, সর্দি, চোখ লাল হওয়া ও পানি পড়া। কয়েক দিনের মধ্যে লাল র‌্যাশ মুখ থেকে শুরু হয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে, যা সাধারণত চার দিন পর্যন্ত স্থায়ী থাকে। কোনো ব্যক্তির মধ্যে এসব উপসর্গ দেখা দিলে তাকে অবিলম্বে স্বাস্থ্যসেবাদাতার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে, যাতে দ্রুত রোগ শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়।

হাম অতিমাত্রায় সংক্রামক। বিশেষ করে যাদের ভ্যাকসিন নেওয়া নেই বা যারা কখনো হাম–আক্রান্ত হননিতাদের আক্রান্ত হওয়ার ঝুঁকি সর্বোচ্চ। পিপিএইচ জানায়, এ বছর আক্রান্ত ছয়জনের ক্ষেত্রেই একটি সাধারণ বিষয় পাওয়া গেছে সকলেরই সাম্প্রতিক ভ্রমণের অভিজ্ঞতা রয়েছে। ফলে আন্তর্জাতিক ভ্রমণ ও ভিড়পূর্ণ পরিবেশে সংক্রমণ বৃদ্ধির সম্ভাবনা বাড়ছে।

এদিকে পাবলিক হেলথ অন্টারিওর তথ্য অনুযায়ী, গত বছরের অক্টোবরের মাঝামাঝি থেকে এ পর্যন্ত প্রদেশজুড়ে ১,২৪০ জন হাম–আক্রান্ত হয়েছেন। এই সংখ্যা অস্বাভাবিকভাবে বেশি, কারণ ২০২৩ সালে পুরো বছরে মাত্র তিনজন হাম–আক্রান্ত হয়েছিলেন। সংক্রমিতদের মধ্যে প্রায় ৭৭ শতাংশই শিশু, যা টিকাহীন বা আংশিক টিকাপ্রাপ্ত শিশুদের ঝুঁকিকে সামনে নিয়ে এসেছে। গুরুতর অবস্থার কারণে ৮৮ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, হাম হয়তো অনেক বছর ধরে কানাডায় বিরল রোগ হিসেবে বিবেচিত হচ্ছিল, কিন্তু বিশ্বব্যাপী টিকা–সংকট, ভ্রমণ বৃদ্ধি ও কিছু এলাকায় টিকাদানের হার কমে যাওয়ার কারণে সংক্রমণের ঝুঁকি আবারও বাড়ছে। তারা মনে করছেন, দ্রুত শনাক্তকরণ, যোগাযোগ–ট্রেসিং ও জনগণকে সতর্ক করা এসবই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সিয়াটল–টরন্টো ফ্লাইটে হাম–আক্রান্ত যাত্রী শনাক্ত হওয়ার ঘটনা কানাডার জনস্বাস্থ্যের জন্য নতুন সতর্কবার্তা। পিল অঞ্চলের সংক্রমণ সংখ্যা দ্বিগুণ হওয়া এবং অন্টারিওতে সংক্রমণের দ্রুত ঊর্ধ্বগতি স্পষ্ট করে দিচ্ছে যে টিকাদান না বাড়ালে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

Related Articles

Back to top button