
পূর্ব অন্টারিওতে তীব্র তুষারঝড়ের মধ্যে ঘটে যাওয়া একাধিক ভয়াবহ সড়ক দুর্ঘটনার পর কানাডার অন্যতম ব্যস্ত মহাসড়ক হাইওয়ে ৪০১–এর পশ্চিমমুখী লেন পুনরায় যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। তবে মঙ্গলবারের ওই ঘটনায় প্রায় ৫০টি যানবাহন জড়িয়ে পড়ায় এখনো পূর্বমুখী লেন বন্ধ রয়েছে বলে জানিয়েছে অন্টারিও প্রাদেশিক পুলিশ (ওপিপি)।
মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে কুইন্টে ওয়েস্ট এলাকায় প্রথম দুর্ঘটনার খবর পাওয়া যায়। পুলিশ জানায়, তীব্র তুষারঝড় ও প্রবল বাতাসের কারণে দৃশ্যমানতা প্রায় শূন্যে নেমে আসায় একের পর এক সংঘর্ষ ঘটে। বিশেষ করে পূর্বমুখী লেনের প্রায় আড়াই কিলোমিটার অংশজুড়ে একাধিক গাড়ি পরপর ধাক্কা খায়। পরিস্থিতি দ্রুতই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং পুরো মহাসড়ক কার্যত অচল হয়ে পড়ে।
ওপিপির তথ্যমতে, ব্রাইটন থেকে ওডেসা পর্যন্ত প্রায় ১০০ কিলোমিটার দীর্ঘ এলাকায় বিভিন্ন স্থানে দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা গুরুতর আহতের খবর পাওয়া যায়নি। তবে তিন থেকে চারজনকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে ব্রাইটনের কাউন্টি রোড ৩০ থেকে বেলভিলের ওয়ালব্রিজ–লয়ালিস্ট রোড পর্যন্ত হাইওয়ে ৪০১–এর পূর্বমুখী লেন বিকেল পৌনে পাঁচটা পর্যন্ত বন্ধ রাখা হয়। অন্যদিকে কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর পশ্চিমমুখী লেন বিকেল তিনটার পর ধীরে ধীরে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।
পুলিশের এক কর্মকর্তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও বার্তায় বলেন, “এই ঘটনা আবারও প্রমাণ করে যে শীতকালীন আবহাওয়ায় গতি কমিয়ে আনা এবং গাড়ির মধ্যে নিরাপদ দূরত্ব বজায় রাখা কতটা জরুরি।” তিনি চালকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।
দুর্ঘটনার সময় এক নাটকীয় উদ্ধার অভিযানের কথাও জানিয়েছে পুলিশ। একটি গাড়িতে আগুন লাগার ঠিক আগমুহূর্তে একজন নারীকে তার গাড়ি থেকে নিরাপদে বের করে আনা হয়। পরে দেখা যায়, পাশের একটি ক্ষতিগ্রস্ত ট্রাক্টর ট্রেলার থেকে ছড়িয়ে পড়া সবজিতে গাড়িটি প্রায় পুরোপুরি ঢেকে গিয়েছিল।
ঘটনার সময় পুরো এলাকায় তীব্র তুষারঝড়ের সতর্কতা জারি ছিল। প্রবল বাতাসের সঙ্গে উড়ন্ত তুষারের কারণে দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যায়। পরিবহন মন্ত্রণালয় জানায়, কুইন্টে ওয়েস্ট থেকে নাপানি পর্যন্ত সড়কে বরফ জমে ছিল এবং পরিস্থিতি ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ কারণে পুলিশ ট্রেন্টনের পূর্ব দিকের সড়কগুলোতে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেয়।
দিনের বিভিন্ন সময়ে পশ্চিমমুখী লেনেও একাধিক স্থানে যান চলাচল বন্ধ হয়ে যায়। নাপানির কাছে প্যালেস রোড এবং ওডেসার কাছে ক্যামডেন ইস্ট রোড এলাকায় দুর্ঘটনার কারণে লেন সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরে উদ্ধার ও পরিষ্কার কার্যক্রম শেষ হলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক করা হয়।
পুলিশ জানায়, আটকে পড়া প্রতিটি গাড়ির কাছে পৌঁছে জরুরি সেবাকর্মীরা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করেন। অনেক যাত্রীকে বাসে করে ট্রেন্টন এরেনায় নিয়ে যাওয়া হয়, যেখানে একটি উষ্ণ আশ্রয়কেন্দ্র খোলা হয়।
দুপুরের পর কর্তৃপক্ষ জানায়, পশ্চিমমুখী লেনে চলাচলযোগ্য গাড়িগুলো সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে এবং উদ্ধারকারী যান প্রস্তুত রাখা হয়েছে। তবে তদন্ত ও পরিষ্কার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত মহাসড়কের কিছু অংশ দীর্ঘ সময় বন্ধ থাকতে পারে বলে সতর্ক করেছে পুলিশ।
এক বিবৃতিতে ওপিপি জানায়, “দীর্ঘ সময় মহাসড়ক বন্ধ থাকলে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ে তা আমরা বুঝি। তবে কঠিন আবহাওয়ার মধ্যেও দ্রুত ও নিরাপদভাবে সড়ক খুলে দিতে সব জরুরি সংস্থা একযোগে কাজ করছে। জননিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।”
উল্লেখ্য, এর আগের দিন সোমবারও পূর্ব অন্টারিওতে শীতকালীন ঝড়ের কারণে শতাধিক সড়ক দুর্ঘটনার খবর পাওয়া যায়। পরিবেশ সংস্থার তথ্যমতে, বেলভিল এলাকায় সোমবার প্রায় ৩৫ সেন্টিমিটার তুষারপাত হয় এবং মঙ্গলবার আরও ৫ থেকে ১০ সেন্টিমিটার তুষারঝড়ের আশঙ্কা ছিল।



