প্রধানমন্ত্রী কার্নি ফোর্ডকে কয়েকবার শুল্কবিরোধী বিজ্ঞাপন নামিয়ে ফেলতে বলেন

দিদার হোসেন

অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড বলেন, এশিয়া থেকে তিনি আমাকে কয়েকবার ফোন করেন এবং বলেন, বিজ্ঞাপনটি সরিয়ে নিন। জবাবে আমি বলি, সোমবার বিরতি দেওয়ার আগ পর্যন্ত আমি সেটা করছি না

অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড জানিয়েছেন, শুল্কবিরোধী বিতর্কিত টেলিভিশন বিজ্ঞাপন বন্ধ করার জন্য প্রধানমন্ত্রী মার্ক কার্নি তাকে একাধিকবার ফোন করে চাপ দিয়েছিলেন যদিও বিজ্ঞাপন প্রচারের আগে দুই নেতার মধ্যে অন্য ধরনের আলোচনা হয়েছিল বলে দাবি করছেন তিনি।

ফোর্ড বলেন, এশিয়া সফরের সময় প্রধানমন্ত্রী তাকে কয়েকবার ফোন করে বিজ্ঞাপনটি নামিয়ে ফেলতে বলেন। ফোর্ডের ভাষায়, “তিনি আমাকে কয়েকবার ফোন করে বললেন বিজ্ঞাপনটি সরাতে। কিন্তু আমি তাকে জানাই সোমবারের আগে আমি সেটা করব না। সেটাই আমরা করেছি।”

বিজ্ঞাপনটিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের একটি পুরোনো ভাষণের অংশ তুলে ধরা হয়, যেখানে শুল্ক আরোপের অর্থনৈতিক ক্ষতির কথা বলা হয়েছিল। বিজ্ঞাপনটি যুক্তরাষ্ট্রে ওয়ার্ল্ড সিরিজ সম্প্রচারের সময় দেখানো হয়, যাতে লক্ষাধিক মার্কিনি দর্শক তা দেখতে পান।

এতে ক্ষুব্ধ হয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার সঙ্গে চলমান বাণিজ্য আলোচনায় বিরতি ঘটান এবং কানাডিয়ান পণ্যের ওপর অতিরিক্ত আরও ১০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেন।

বিতর্কের পরদিন ফোর্ড জানান যে, বিজ্ঞাপনটি প্রচারের আগে প্রধানমন্ত্রী মার্ক কার্নি এর বিষয়বস্তু দেখেছিলেন। কার্নিও বিষয়টি স্বীকার করেছেন।

দক্ষিণ কোরিয়ায় এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, “আমি ফোর্ডকে জানাই যে, বিজ্ঞাপনটি প্রচার করা প্রদেশের জন্য ভালো হবে না বলে আমার মনে হয়েছে।” তিনি আরও জানান, বিজ্ঞাপনটি নিয়ে ট্রাম্পের কাছে তিনি ক্ষমাও চেয়েছেন।

সোমবার কুইন’স পার্কে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হলে প্রধানমন্ত্রী আগে থেকেই বিজ্ঞাপন বন্ধ করতে বলেছিলেন কিনা ফোর্ড বলেন, “তার সঙ্গে আলোচনার ভিন্ন একটি বিষয় আমার মনে আছে। তবে জনগণের তা জানার প্রয়োজন নেই। তারা শুধু চায় একটি শক্তিশালী চুক্তি যা তাদের চাকরির সুরক্ষা দেবে এবং অন্টারিও ও কানাডার অর্থনীতিকে রক্ষা করবে।”

ট্রাম্পের কঠোর প্রতিক্রিয়া সত্ত্বেও অন্টারিও সরকার ২৪ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত প্রেস ইয়ারের বিজ্ঞাপন প্রচার অব্যাহত রাখে। ওয়ার্ল্ড সিরিজের প্রথম দুই ম্যাচের বিরতিতে মার্কিন দর্শকদের সামনে বিজ্ঞাপনটি প্রদর্শনের লক্ষ্যেই এই সময়সূচি নির্ধারণ করা হয়েছিল।

শেষ পর্যন্ত ২৭ অক্টোবর বিজ্ঞাপনটি বন্ধ করে দেয় অন্টারিও প্রদেশ।

Related Articles

Back to top button