ব্যাংককর্মী সেজে প্রতারণা

আনাস মোহাম্মদ

পুলিশের তদন্ত অনুযায়ী, প্রথম ঘটনাটি ঘটে ১ অক্টোবর।

ক্রেডিট কার্ড জালিয়াতির মাধ্যমে দুইজন ভুক্তভোগীর কাছ থেকে প্রায় ২৫ হাজার মার্কিন ডলার হাতিয়ে নেওয়ার অভিযোগে এক সন্দেহভাজনকে খুঁজছে টরন্টো পুলিশ। পুলিশ জানিয়েছে, ঘটনাগুলো ঘটেছে চলতি বছরের অক্টোবর মাসের প্রথম সপ্তাহে এবং প্রতিটি ঘটনায় একই কৌশলে প্রতারণা চালানো হয়েছে।

পুলিশের তদন্ত অনুযায়ী, প্রথম ঘটনাটি ঘটে ১ অক্টোবর। ওই দিন টরন্টোর এক বাসিন্দা একটি ফোন কল পান। ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি নিজেকে ব্যাংকের কর্মী পরিচয় দিয়ে জানান, ভুক্তভোগীর ক্রেডিট কার্ড হ্যাকড হয়েছে। সমস্যার সমাধানের অজুহাতে সন্দেহভাজন ব্যক্তি কার্ডটি সংগ্রহের ব্যবস্থা করেন। পরে কসবার্ন ও পেপ এভিনিউ এলাকার কাছ থেকে এক বাহকের মাধ্যমে কার্ডটি সংগ্রহ করা হয়।

কার্ড হাতে পাওয়ার পর সন্দেহভাজন ব্যক্তি মিসিসোগার একটি গহনার দোকানে যান এবং সেখানে প্রায় ১১ হাজার ডলারের কেনাকাটা করেন বলে পুলিশ জানিয়েছে।

এর ঠিক দুই দিন পর, অর্থাৎ ৩ অক্টোবর, একই ধরনের আরেকটি ঘটনা ঘটে। এবারও সন্দেহভাজন ব্যক্তি একজন বাসিন্দাকে ফোন করে তাদের ক্রেডিট কার্ড হ্যাকড হওয়ার কথা জানান। পরে ইস্ট মল ও ইভান্স এভিনিউ এলাকার কাছ থেকে ওই কার্ডটি সংগ্রহ করা হয়। এরপর সেই কার্ড ব্যবহার করে মিসিসোগার আরেকটি গহনার দোকান থেকে প্রায় ১৪ হাজার ডলারের গয়না কেনা হয়।

এই দুটি ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করে এবং সন্দেহভাজনকে শনাক্ত করতে সক্ষম হয়। পুলিশের তথ্য অনুযায়ী, সন্দেহভাজনের নাম মজিদ বেনু। তার বয়স ২০ বছর এবং তিনি মন্ট্রিয়লের বাসিন্দা। তার বিরুদ্ধে অর্ধডজনেরও বেশি অভিযোগ রয়েছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে ৫ হাজার ডলারের বেশি জালিয়াতি, পাশাপাশি অপরাধের মাধ্যমে সংগৃহীত ক্রেডিট কার্ড ব্যবহার।

পুলিশ আরও জানিয়েছে, সন্দেহভাজনের সঙ্গে কুইবেক ও মিসিসোগা দুই এলাকারই যোগসূত্র রয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি একটি কালো রঙের ডজ পিক-আপ ট্রাক ব্যবহার করেন, যার কুইবেকের লাইসেন্স প্লেট নম্বর একেজে৫২জি।

টরন্টো পুলিশ জনগণের সহায়তা কামনা করেছে। সন্দেহভাজন সম্পর্কে কারও কাছে তথ্য থাকলে তা পুলিশের সঙ্গে শেয়ার করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে পুলিশ নাগরিকদের সতর্ক করে জানিয়েছে, কোনো ব্যক্তি নিজেকে ব্যাংকের কর্মী পরিচয় দিয়ে ফোন করে ব্যক্তিগত বা আর্থিক তথ্য চাইলে তা যাচাই না করে দেওয়া উচিত নয়।

Related Articles

Back to top button