লাইন ৬ ফিঞ্চ ওয়েস্ট এলআরটিকে অসফল বলছেন ৭০% মানুষ

দিদার হোসেন

মঙ্গলবার সকালে জনমত গবেষণা সংস্থা লিয়াজোঁ স্ট্র্যাটেজিস প্রকাশিত এক সমীক্ষার ফলাফলে দেখা যায়, উত্তরদাতাদের একটি বড় অংশ লাইন ৬ ফিঞ্চ ওয়েস্টকে কার্যক্রমের শুরুর দিনগুলোতে সফল বলে মনে করছেন না।

কারিগরি ত্রুটি, অনিয়মিত পরিষেবা এবং প্রত্যাশার ব্যতিক্রমী দীর্ঘ ভ্রমণ সময় এই সব সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে টরন্টোর লাইন ৬ ফিঞ্চ ওয়েস্ট এলআরটি। চালু হওয়ার পর থেকেই মাঝেমধ্যে পরিষেবা বিঘ্নিত হওয়ায় যাত্রীদের ভোগান্তি বাড়ছে। এমন পরিস্থিতিতে পরিচালিত এক সমীক্ষায় অংশ নেওয়া অধিকাংশ টরন্টোবাসী এই এলআরটি লাইনের কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।

মঙ্গলবার সকালে জনমত গবেষণা সংস্থা লিয়াজোঁ স্ট্র্যাটেজিস প্রকাশিত এক সমীক্ষার ফলাফলে দেখা যায়, উত্তরদাতাদের একটি বড় অংশ লাইন ৬ ফিঞ্চ ওয়েস্টকে কার্যক্রমের শুরুর দিনগুলোতে সফল বলে মনে করছেন না। সমীক্ষা অনুযায়ী, ৬২ শতাংশ উত্তরদাতা এই এলআরটি লাইনকে ‘খুবই অসফল’ হিসেবে চিহ্নিত করেছেন। পাশাপাশি ৮ শতাংশ উত্তরদাতা একে ‘অসফল’ বলে মত দিয়েছেন।

অন্যদিকে, তুলনামূলকভাবে অল্পসংখ্যক মানুষ এই প্রকল্পকে ইতিবাচক চোখে দেখছেন। সমীক্ষায় অংশ নেওয়া ১৩ শতাংশ উত্তরদাতা লাইনটিকে ‘কিছুটা সফল’ বলে মন্তব্য করেছেন। মাত্র ৫ শতাংশ উত্তরদাতা এটিকে ‘খুবই সফল’ বলে মনে করেন। এই পরিসংখ্যান স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে, চালু হওয়ার পরপরই লাইন ৬ ফিঞ্চ ওয়েস্ট এলআরটি জনসাধারণের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে।

সমীক্ষায় আরেকটি গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে লাইনটির নির্ভরযোগ্যতা ও সঠিক রক্ষণাবেক্ষণের দায়ভার কার ওপর বর্তায়, সে বিষয়ে জনমতের বিভাজন। এই প্রশ্নের উত্তরে ৫৪ শতাংশ উত্তরদাতা দায়ী করেছেন মেট্রোলিংক্সকে। প্রাদেশিক পরিবহন সংস্থা মেট্রোলিংক্স লাইন ৬-এর মালিক এবং এর নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা বেসরকারি কনসোর্টিয়াম মোজাইক ট্রানজিট গ্রুপকে তদারকি করে থাকে।

অন্যদিকে, ২১ শতাংশ উত্তরদাতা মনে করেন, এলআরটি লাইনের নির্ভরযোগ্যতা ও রক্ষণাবেক্ষণের জন্য টরন্টো ট্রানজিট কমিশন (টিটিসি) দায়ী। এ বিষয়ে নিশ্চিত নন বলে জানিয়েছেন ১১ শতাংশ উত্তরদাতা। পাশাপাশি ৯ শতাংশ উত্তরদাতার মতে, এই দায়ভার যৌথভাবে মেট্রোলিংক্স ও টিটিসি উভয়েরই। সমীক্ষায় অংশ নেওয়া খুবই নগণ্যসংখ্যক উত্তরদাতা মোজাইক ট্রানজিট গ্রুপ, সিটি অব টরন্টো কিংবা অন্টারিও সরকারকে সরাসরি দায়ী করেছেন।

বিশ্লেষকদের মতে, এই সমীক্ষার ফলাফল লাইন ৬ ফিঞ্চ ওয়েস্ট এলআরটি প্রকল্পের শুরুর দিকের ব্যবস্থাপনা ও প্রযুক্তিগত প্রস্তুতি নিয়ে গুরুতর প্রশ্ন তুলছে। নির্ভরযোগ্য গণপরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে দায়বদ্ধতা ও সমন্বয় আরও জোরদার করা প্রয়োজন বলে মনে করছেন অনেকেই। নচেৎ, ভবিষ্যতেও যাত্রী অসন্তোষ ও পরিষেবা বিঘ্নের সমস্যা অব্যাহত থাকার আশঙ্কা থেকেই যাচ্ছে।

Related Articles

Back to top button