অনলাইন স্ট্রিমিং বিলের প্রাইভেসি প্রভিশন দুর্ঘটনাক্রমে মুছে গেছে

জুমু চৌধুরী

অনলাইন স্ট্রিমিং অ্যাক্টের লক্ষ্য ছিল নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, ডিজনি প্লাসসহ আন্তর্জাতিক স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোকে কানাডিয়ান কনটেন্ট সাপোর্টের আওতায় আনা এবং ডিজিটাল মিডিয়া পরিবেশকে আরও ন্যায্য করা।

কানাডার বহুল আলোচিত অনলাইন স্ট্রিমিং অ্যাক্ট থেকে ব্যক্তিগত গোপনীয়তা সুরক্ষার একটি গুরুত্বপূর্ণ ধারা আইন প্রণয়নের মাত্র দুই মাসের মধ্যেই রহস্যজনকভাবে বাদ পড়ে গেছে এ কথা স্বীকার করেছে ফেডারেল সরকার। বিষয়টি “দুর্ঘটনাক্রমে” হয়েছে বলে দাবি করে সরকার জানিয়েছে, ভুলটি সংশোধনের প্রক্রিয়া শুরু হয়েছে।

ঘটনার সূত্রপাত এ সপ্তাহের শুরুতে, যখন ইউনিভার্সিটি অব অটোয়ার আইন বিভাগের অধ্যাপক মাইকেল গেস্ট তাঁর ব্লগে বিশ্লেষণধর্মী একটি পোস্টে উল্লেখ করেন যে, স্ট্রিমিং আইনের প্রাইভেসি সংক্রান্ত ধারা নীরবে অপসারিত হয়েছে। গেস্টের ভাষায়, “আইন কার্যকর হওয়ার কয়েক মাসের মধ্যেই এর মূল নিরাপত্তা প্রভিশন বাদ দেওয়া হয়েছে এ এক অভূতপূর্ব ঘটনা।”

ঘটনা প্রকাশ্যে আসার পর কানাডার হেরিটেজ ডিপার্টমেন্ট জানায়, তারা বিষয়টি সম্পর্কে সচেতন এবং এটি সত্যিই একটি ভুল। বিভাগের একজন মুখপাত্র বলেন, “সমন্বিত সংশোধনী প্রস্তুতের সময় এটি অনিচ্ছাকৃতভাবে বাদ গেছে বলে মনে হচ্ছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।” এই স্বীকারোক্তি দেখে অধ্যাপক গেস্ট বলেন, “সরকার সরাসরি ভুলের কথা স্বীকার করেছে, এটি গুরুত্বপূর্ণ। তবে ব্যক্তিগত গোপনীয়তার মতো সংবেদনশীল বিষয়ে এমন ভুল ঘটা অগ্রহণযোগ্য। দ্রুত এর সংশোধন প্রয়োজন।”

প্রাইভেসি প্রভিশনটি প্রথম যুক্ত করা হয়েছিল সিনেটর জুলি মিভিল-ডেশেন–এর উদ্যোগে। তিনি ফেডারেল প্রাইভেসি কমিশনারের সুপারিশের ভিত্তিতে প্রস্তাব করেন যে অনলাইন স্ট্রিমিং আইন এমনভাবে প্রয়োগ করতে হবে, যা ব্যক্তিগত গোপনীয়তা অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। প্রস্তাবটি গ্রহণও করা হয়েছিল এবং তা কার্যকর আইনের অংশে পরিণত হয়েছিল।

কিন্তু ২০২৩ সালের এপ্রিলে অনলাইন স্ট্রিমিং অ্যাক্ট কার্যকর হওয়ার প্রায় দশ মাস পর সরকার সরকারি ভাষা (Official Languages Act) সম্পর্কিত আরেকটি বিল পাস করে। ওই বিলের একটি অনুচ্ছেদ স্ট্রিমিং আইনে ভাষাবিষয়ক পরিবর্তন আনার কথা বললেও, সংশোধনের সময় প্রাইভেসি ধারাটি প্রতিস্থাপন করার পরিবর্তে ভুলবশত তার জায়গায় সরকারি ভাষা বিলের একটি অংশ ঢুকে পড়ে। ফলে প্রাইভেসি সুরক্ষাবিষয়ক ধারা পুরো আইনি কাঠামো থেকে উধাও হয়ে যায়।

ঘটনা সম্পর্কে সিনেটর মিভিল-ডেশেন খোলামেলাভাবে অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, “এ ধরনের ভুল আমাকে হতাশ করেছে। আমি ভেবেছিলাম যে প্রতিটি ধাপই বহুমাত্রিক যাচাইয়ের মধ্য দিয়ে যাবে। এত বড় একটি বিষয় কীভাবে চোখ এড়িয়ে গেল, তা বিস্ময়কর। এখন জরুরি হলো দ্রুত ভুলটি সংশোধন করা।”

অনলাইন স্ট্রিমিং অ্যাক্টের লক্ষ্য ছিল নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, ডিজনি প্লাসসহ আন্তর্জাতিক স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোকে কানাডিয়ান কনটেন্ট সাপোর্টের আওতায় আনা এবং ডিজিটাল মিডিয়া পরিবেশকে আরও ন্যায্য করা। কিন্তু একই সঙ্গে বিক্ষোভ ও আলোচনার প্রথম দিন থেকেই ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে উদ্বেগ ছিল। সমালোচকরা বলছিলেন, সঠিক প্রাইভেসি সুরক্ষা ছাড়া অনলাইন কনটেন্ট নিয়ন্ত্রণের সরকারি ক্ষমতা ভবিষ্যতে অপব্যবহারের ঝুঁকি তৈরি করতে পারে।

সেই কারণে প্রাইভেসি প্রভিশনটি আইনটির সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাপত্তাবলয় হিসেবে বিবেচিত হয়েছিল।

সরকার জানিয়েছে, সংশোধনী পুনর্বিবেচনা করে প্রাইভেসি প্রভিশনকে ফিরিয়ে আনার কাজ দ্রুত শুরু হবে। তবে কত সময় লাগবে বা কী প্রক্রিয়ায় তা করা হবে সে বিষয়ে এখনও বিস্তারিত বলা হয়নি।

আইন বিশেষজ্ঞদের মতে, ত্রুটিটি নিছক কারিগরি ভুল হলেও এর রাজনৈতিক ও নীতিগত গুরুত্ব অনেক বড়, বিশেষ করে কানাডার ডিজিটাল রেগুলেশন কাঠামো এখনো বিতর্কের কেন্দ্রে থাকা অবস্থায়।

অধ্যাপক গেস্টের ভাষায়, “স্ট্রিমিং আইন যদি গোপনীয়তার নিশ্চয়তা দিতে না পারে, তাহলে পুরো আইনটির ওপরই জনআস্থা নড়বড়ে হয়ে পড়বে।”

Related Articles

Back to top button