
নোভা স্কশিয়ার আনাপোলিস ভ্যালিতে ভয়াবহ দাবানলে অন্তত ২০টি বাড়ি ধ্বংস হয়ে গেছে বলে স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। প্রাদেশিক সরকার জানায়, রোববার বিকেলে হঠাৎ শক্তি বাড়ানো এই দাবানল দ্রুত বিস্তার লাভ করে এবং এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
আগুনে ক্ষতিগ্রস্ত বসতবাড়িগুলো মূলত ওয়েস্ট ডালহৌসি, মোর্স ও থর্ন রোডের বিভিন্ন এলাকায় অবস্থিত। ধ্বংস হওয়া আবাসগুলোর মধ্যে কিছু ছিল স্থায়ী বসবাসের জায়গা, আবার কিছু ছিল সাপ্তাহিক বা মৌসুমী ব্যবহারের কটেজ। শুধু বাড়িই নয় গ্যারেজ, শেডসহ আরও অন্তত ১১টি স্থাপনা পুড়ে গেছে বা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রাদেশিক প্রিমিয়ার টিম হিউস্টন এক বিবৃতিতে বলেন, ওয়েস্ট ডালহৌসি এলাকার মানুষের বিপুল ক্ষতির খবর তাকে গভীরভাবে ব্যথিত করেছে। তার মতে, ক্ষতি কাটিয়ে উঠতে সময় লাগবে, এবং সেই পথ হবে দীর্ঘ ও কষ্টসাধ্য। তবুও কিছুটা স্বস্তির বিষয় হলো এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
হিউস্টন আরও জানান, ফায়ার সার্ভিস ক্রুরা চরম ঝুঁকি সত্ত্বেও আগুন নিয়ন্ত্রণে আনার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের প্রচেষ্টায় বহু বাড়ি রক্ষা করা সম্ভব হয়েছে। পরিস্থিতি যাতে আর অবনতির দিকে না যায় এবং নতুন করে যেন কোনো বাড়ি আগুনের মুখে না পড়ে, সেদিকে দমকলকর্মীরা সর্বোচ্চ সতর্কতা বজায় রেখেছেন।
ঘটনার পর স্থানীয় বাসিন্দারা নিরাপদ স্থানে চলে গেছেন। অনেকেই জানাচ্ছেন, তারা তাদের জীবনের সঞ্চয় দিয়ে গড়া ঘর হারালেও প্রাণ বাঁচাতে পেরেছেন এটাই এখন সবচেয়ে বড় স্বস্তি। আগুনের উৎস কী ছিল এবং কেন এত দ্রুত ছড়িয়ে পড়ল, তা খতিয়ে দেখছে তদন্তকারী দল।
দাবানলের কারণে অঞ্চলজুড়ে এখনো ধোঁয়ার ঘনচাপা পরিবেশ বিরাজ করছে এবং কর্তৃপক্ষ মানুষকে প্রয়োজন ছাড়া বাইরে না থাকার পরামর্শ দিয়েছে। নোভা স্কশিয়া সরকার জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত দমকলকর্মী ও সরঞ্জাম মোতায়েন করা হয়েছে।



