এনডিপির নেতৃত্বের বিতর্কে মুখোমুখী প্রার্থীরা

জামির হোসেন

হিদার ম্যাকফারসন : আলবার্টার এডমন্টন থেকে নির্বাচিত সংসদ সদস্য। আন্তর্জাতিক উন্নয়ন ও মানবিক সহায়তার প্রশ্নে সক্রিয় ভূমিকা রেখেছেন

কানাডার ফেডারেল রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা ঘনিয়ে এসেছে। নিউ ডেমোক্রাটিক পার্টি (এনডিপি) তাদের পরবর্তী নেতা নির্বাচনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। হাতে সময় আর মাত্র পাঁচ মাস। আর সেই দীর্ঘ প্রতীক্ষার প্রক্রিয়ায় সবচেয়ে তাৎপর্যপূর্ণ মুহূর্ত হতে যাচ্ছে চূড়ান্ত বিতর্ক যেখানে প্রার্থীরা সরাসরি দলের সদস্যদের সামনে নিজেদের দর্শন, পরিকল্পনা ও নেতৃত্বের যোগ্যতা তুলে ধরবেন।

বৃহস্পতিবার ব্রিটিশ কলাম্বিয়ার লোয়ার মেইনল্যান্ডে অনুষ্ঠিত হবে দল অনুমোদিত একমাত্র ইংরেজি ভাষার বিতর্ক। স্থানীয় সময় বিকাল ৫টায় শুরু হয়ে ৯০ মিনিটব্যাপী এই আয়োজনকে ঘিরে দলের ভেতরে উত্তেজনা তুঙ্গে। ৯ মার্চ থেকে ভোটগ্রহণ শুরু হওয়ার আগে এটিই হবে প্রার্থীদের শেষ বড় সুযোগ সদস্যদের মন জয় করার। দলের অভ্যন্তরীণ সূত্রগুলো প্রতিযোগিতাকে “হাড্ডাহাড্ডি” বলে বর্ণনা করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ফলাফল নির্ধারণে বিতর্কের পারফরম্যান্স বড় ভূমিকা রাখতে পারে।

মঙ্ক অ্যান্ড অ্যাসোসিয়েটসের অধ্যক্ষ এবং প্রয়াত সাবেক এনডিপি নেতা জ্যাক লেটনের সাবেক কমিউনিকেশন ডিরেক্টর ক্যাথলিন মঙ্ক বলেন, এই বিতর্কই হতে পারে ভোটারদের রাজি করানোর শেষ কার্যকর মুহূর্ত। তার ভাষায়, “নেতৃত্বের লড়াইয়ে শেষ ছাপটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

এই বিতর্কে অংশ নিচ্ছেন বিভিন্ন পেশাগত ও রাজনৈতিক পটভূমির পাঁচ প্রার্থী যারা প্রত্যেকে এনডিপির ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি পেশ করছেন।

আভি লুইস : ভ্যানকুভারভিত্তিক প্রামাণ্যচিত্র নির্মাতা এবং লিপ ম্যানিফেস্টোর সহ-লেখক। প্রগতিশীল সামাজিক ও পরিবেশগত রূপান্তরের জোরালো কণ্ঠস্বর হিসেবে পরিচিত।

হিদার ম্যাকফারসন : আলবার্টার এডমন্টন থেকে নির্বাচিত সংসদ সদস্য। আন্তর্জাতিক উন্নয়ন ও মানবিক সহায়তার প্রশ্নে সক্রিয় ভূমিকা রেখেছেন।

রব অ্যাশটন : ব্রিটিশ কলাম্বিয়ার দীর্ঘদিনের ডককর্মী ও লংশোর ইউনিয়ন নেতা। শ্রমিক আন্দোলনের অভিজ্ঞতা তার বড় শক্তি।

টানিলে জনস্টন : ব্রিটিশ কলাম্বিয়ার ক্যাম্পবেল রিভার সিটি কাউন্সিলর ও নিবন্ধিত সমাজকর্মী। তৃণমূল পর্যায়ে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার পক্ষে কাজ করেছেন।

টনি ম্যাককোয়েল : অন্টারিওভিত্তিক অর্গানিক খামারি। কৃষি, টেকসই উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতির প্রতিনিধিত্ব করছেন।

এই বৈচিত্র্যময় পটভূমি এনডিপির অভ্যন্তরীণ চরিত্রকেও প্রতিফলিত করে যেখানে শ্রমিক আন্দোলন, পরিবেশবাদ, সামাজিক ন্যায়বিচার ও আন্তর্জাতিক সংহতির প্রশ্ন একসূত্রে গাঁথা।

বৃহস্পতিবারের বিতর্কে যে বিষয়গুলো বিশেষভাবে গুরুত্ব পাবে সেগুলোর মধ্যে রয়েছে – অর্থনৈতিক নিরাপত্তাহীনতা ও জাতীয় সার্বভৌমত্ব, দলের ভবিষ্যৎ ভূমিকা ও সাংগঠনিক পুনর্গঠন, পররাষ্ট্রনীতি ও মানবিক সহায়তা, জ্বালানি ও পরিবেশ নীতি এবং স্বাস্থ্যসেবা ও কৃচ্ছ্বতার বিরুদ্ধে অবস্থান। বিশেষজ্ঞদের মতে, বর্তমান বৈশ্বিক অস্থিরতা ও অভ্যন্তরীণ অর্থনৈতিক চাপের প্রেক্ষাপটে এনডিপির সামনে বড় চ্যালেঞ্জ হলো কীভাবে তারা নিজেদের স্পষ্ট বিকল্প হিসেবে প্রতিষ্ঠা করবে।

অন্তর্বর্তীকালীন নেতা ডন ডেভিস এক বিবৃতিতে বলেন, “আমাদের দল ও দেশের ভবিষ্যৎ নতুনভাবে গড়ে তোলার জন্য এটি সদস্যদের কাছে এক গুরুত্বপূর্ণ মুহূর্ত।” এনডিপির প্রধান নির্বাচন কর্মকর্তা এরিক হাবার্ট-ডালি -ও এটিকে “সত্যিই অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়” বলে আখ্যায়িত করেছেন। তার মতে, দীর্ঘদিনের সদস্যদের সামনে নিজেদের কৌশল ও ভিশন তুলে ধরার এটি শেষ বড় সুযোগ।

এনডিপির সামনে এখন মূল প্রশ্ন দল কি আরও বামপন্থী, আন্দোলনভিত্তিক অবস্থান নেবে, নাকি মূলধারার ভোটারদের কাছে গ্রহণযোগ্যতা বাড়াতে নীতি ও ভাষায় মধ্যপন্থী সমন্বয় করবে?

আভি লুইসের মতো প্রার্থীরা কাঠামোগত পরিবর্তনের পক্ষে জোরালো বক্তব্য রাখছেন। অন্যদিকে সংসদীয় অভিজ্ঞতাসম্পন্ন ম্যাকফারসন বাস্তববাদী কৌশলের ওপর গুরুত্ব দিতে পারেন। ইউনিয়ন পটভূমির অ্যাশটন শ্রমিক স্বার্থকে অগ্রাধিকার দেবেন, আর জনস্টন ও ম্যাককোয়েল স্থানীয় ও গ্রামীণ প্রশ্নকে সামনে আনতে পারেন।

এই বিতর্ক তাই কেবল ব্যক্তিগত প্রতিযোগিতা নয়; এটি এনডিপির আদর্শিক দিকনির্দেশনা নির্ধারণের লড়াইও বটে। ভোটগ্রহণ শুরু হওয়ার আগে সদস্যদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন থাকবে কে শুধু ভালো বক্তা নন, বরং কঠিন সময়ে দলকে ঐক্যবদ্ধ ও কার্যকরভাবে নেতৃত্ব দিতে পারবেন?

ফেডারেল রাজনীতির বৃহত্তর প্রেক্ষাপটে এই নেতৃত্ব নির্বাচন কেবল একটি দলের অভ্যন্তরীণ প্রক্রিয়া নয়; এটি কানাডার প্রগতিশীল রাজনীতির ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণের এক সন্ধিক্ষণ।

Related Articles

Back to top button