টরন্টোর ভবিষ্যৎ অন্টারিও লাইন সাবওয়ের টানেলিং শুরু

মাসুদ করিম

টরন্টোর মেয়র অলিভিয়া চাউ এই অগ্রগতিকে শহরের জন্য বড় ধরনের ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন

কানাডার টরন্টো শহরের ভবিষ্যৎ গণপরিবহন ব্যবস্থাকে আধুনিক ও গতিশীল করতে বহুল প্রত্যাশিত অন্টারিও লাইন সাবওয়ে প্রকল্প নির্মাণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হয়েছে। প্রাদেশিক সরকার গত বৃহস্পতিবার ঘোষণা দিয়েছে যে, প্রকল্পটির জন্য ব্যবহৃত দুটি টানেল বোরিং মেশিন ইতোমধ্যেই ডাউনটাউন এলাকায় খননকাজ শুরু করেছে। এই অগ্রগতি প্রকল্পটির বাস্তবায়নকে আরও দৃশ্যমান পর্যায়ে নিয়ে এসেছে।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০৩০-এর শুরুর দিকে এই সাবওয়ে লাইনটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা সম্ভব হবে। প্রায় ১৫ দশমিক ৬ কিলোমিটার দীর্ঘ এই লাইনটি পশ্চিমে এক্সিবিশন গ্রাউন্ড থেকে শুরু হয়ে পূর্বদিকে এগলিন্টন এভিনিউ ইস্টের ডন ভ্যালি পার্কওয়ে পর্যন্ত বিস্তৃত হবে। পুরো রুটজুড়ে মোট ১৫টি আধুনিক স্টেশন নির্মাণের পরিকল্পনা রয়েছে, যা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকাকে সরাসরি সংযুক্ত করবে।

অন্টারিও প্রদেশের প্রিমিয়ার ডাগ ফোর্ড অবশ্য বলেছেন, টানেলিং কাজের সূচনা এই বৃহৎ প্রকল্পের জন্য একটি উল্লেখযোগ্য মাইলফলক। তার মতে, প্রকল্পটি সম্পন্ন হলে টরন্টো শহরের যানজট পরিস্থিতিতে উল্লেখযোগ্য উন্নতি ঘটবে এবং যাত্রীদের ভ্রমণ সময় সর্বোচ্চ ৪০ মিনিট পর্যন্ত কমে আসবে। তিনি আরও জোর দিয়ে বলেন, সরকার যানজট নিরসনে প্রতিশ্রুতিবদ্ধ এবং উত্তর আমেরিকার অন্যতম বৃহত্তম গণপরিবহন সম্প্রসারণ কর্মসূচির মাধ্যমে কর্মসংস্থান বজায় রাখার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এই সাবওয়ে লাইন চালু হলে প্রায় ২ লাখ ৩০ হাজার বাসিন্দা সরাসরি সুবিধা পাবেন, যারা নতুন স্টেশনগুলোর হাঁটার দূরত্বের মধ্যে বসবাস করেন। এর ফলে নগরবাসীর দৈনন্দিন যাতায়াত আরও সহজ ও সময়সাশ্রয়ী হবে বলে আশা করা হচ্ছে।

অর্থনৈতিক দিক থেকেও প্রকল্পটির গুরুত্ব কম নয়। অন্টারিও সরকার জানিয়েছে, এই ট্রানজিট প্রকল্প প্রতিবছর প্রায় ৪ হাজার ৭০০টি ভালো বেতনের কর্মসংস্থান সৃষ্টি করবে, যা স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এদিকে টরন্টোর মেয়র অলিভিয়া চাউ এই অগ্রগতিকে শহরের জন্য বড় ধরনের ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, যানজট মোকাবিলা, যাতায়াতের সময় কমানো এবং নগরজীবনকে আরও গতিশীল রাখতে গণপরিবহনে যে ঐতিহাসিক বিনিয়োগ করা হচ্ছে, অন্টারিও লাইন প্রকল্প তার একটি গুরুত্বপূর্ণ অংশ।

অন্টারিও লাইন সাবওয়ে প্রকল্পটি শুধুমাত্র একটি পরিবহন অবকাঠামো উন্নয়ন নয়, বরং এটি টরন্টোর নগরজীবনের গতি, অর্থনীতি এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব ফেলবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

মাসুদ করিম : লোকাল জার্নালিজম ইনিশিয়েটিভ রিপোর্টার

Related Articles

Back to top button