
উত্তর ইয়র্ক রিজিয়নে ব্লু বিনের বিশাল আকার নিয়ে কয়েক সপ্তাহ ধরে চলা উত্তেজনার শেষ পর্যন্ত সমাধান দেখা দিয়েছে। অরোরার মেয়র টম ম্রাকাস ঘোষণা করেছেন যে বাসিন্দাদের দাবির প্রেক্ষিতে শিগগিরই ছোট আকারের ব্লু বিন ব্যবহারের সুযোগ চালু হচ্ছে। সার্কুলার ম্যাটেরিয়ালসের সঙ্গে দীর্ঘ আলোচনা ও সমন্বয়ের পর তিনি একে “বাসিন্দাদের বিজয়” বলে উল্লেখ করেছেন।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মেয়র ম্রাকাস বলেন, উত্তরাঞ্চলের ছয়টি মিউনিসিপালিটিতে বর্তমানে সরবরাহ করা ৯০ গ্যালনের বৃহদাকৃতির ব্লু বিনের পরিবর্তে বাসিন্দারা এখন ছোট আকারের ব্লু বিন কার্ট বেছে নেওয়ার স্বাধীনতা পাবেন। তাঁর মতে, “এটি অরোরার বাসিন্দাদের জন্য একটি বড় স্বস্তির খবর। আমরা দীর্ঘদিন ধরে বাসিন্দাদের অভিযোগ শুনেছি ৯০ গ্যালনের বিন অনেকের জন্যই অচল ছিল। অবশেষে সেই সমস্যার সমাধান হয়েছে।”
মেয়র জানান, আগামী সপ্তাহ থেকে বাসিন্দারা অনলাইনে অথবা ফোনে যোগাযোগ করে বড় বিন বদলে ছোট বিন নেওয়ার আবেদন করতে পারবেন। কীভাবে আবেদন করতে হবে, সেই প্রক্রিয়া তিনি আগামী সপ্তাহে বিস্তারিতভাবে জানিয়ে দেবেন।
তিনি এ সমাধানে সহযোগিতার জন্য প্রিমিয়ার, পরিবেশ মন্ত্রী টড ম্যাকার্থি, জিএফএল এবং উত্তরাঞ্চলের ছয়জন মেয়রকে ধন্যবাদ জানান। মেয়রের ভাষায়, “এটি আমাদের সম্মিলিত প্রচেষ্টার ফল। বাসিন্দাদের মতামত, প্রয়োজন এবং দৈনন্দিন বাস্তবতাকে গুরুত্ব দেওয়া হয়েছে এটাই সবচেয়ে বড় সাফল্য।”
একই সুরে বক্তব্য দিয়েছেন জর্জিনার মেয়র মার্গারেট কুয়ার্ক। তিনি জানিয়েছেন, বৃহদাকৃতির ব্লু বিন সরবরাহ প্রক্রিয়াধীন থাকলেও ৯৫ গ্যালন বা ৬৫ গ্যালনের মধ্যে যেকোনো একটি আকার বেছে নেওয়ার সুযোগ বাসিন্দাদের থাকবে। এই বিকল্প তৈরি করে দিচ্ছে সার্কুলার ম্যাটেরিয়ালস।
এদিকে সার্কুলার ম্যাটেরিয়ালস কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বিনের আকার–সংক্রান্ত সমস্যাগুলো পর্যালোচনা করছে এবং একটি গ্রহণযোগ্য সমাধান বের করতে কাজ করছে। প্রতিষ্ঠানটির সিইও অ্যালেন ল্যাঙ্গডন বলেন, “বাসিন্দাদের চাহিদাকে অগ্রাধিকার দিয়ে আমরা এমন একটি ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছি, যা সবাইকে সন্তুষ্ট করবে।”
উত্তর ইয়র্ক রিজিয়নে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ব্লু বিন বিতর্ক তীব্র হয়। অনেক বাসিন্দা অভিযোগ করেন, ৯০ গ্যালনের বিশাল বিন তাদের বাড়ির জায়গার সঙ্গে মানানসই নয়; অনেকের কাছে এটি অপ্রয়োজনীয়ভাবে বড় এবং ব্যবহারে অস্বস্তিকর। এই জনমতের ফলেই স্থানীয় মেয়রদের চাপ বাড়তে থাকে, যা অবশেষে কর্তৃপক্ষকে বিকল্প আকারের বিন সরবরাহের সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।
স্থানীয় বাসিন্দাদের আশা, নতুন সিদ্ধান্ত কার্যকর হলে তাদের দৈনন্দিন বর্জ্য ব্যবস্থাপনায় স্বস্তি ফিরবে এবং অপ্রয়োজনীয় ঝামেলা কমে যাবে।
This article was written by Masud Karim as part of the LJI



