টরন্টো যেভাবে ২০ কিমি দীর্ঘ নতুন বাইক লেন করতে পারে

মাসুদ করিম

পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে টরন্টোর মেয়র অলিভিয়া চাউ বলেন, “এটা এক ধরনের ন্যায্য সমঝোতা

টরন্টো শহর কর্তৃপক্ষ এমন এক উপায় বের করেছে, যা প্রদেশের বিতর্কিত আইন পাশ কাটিয়ে শহরে নতুন বাইক লেন তৈরিকে আবারও সম্ভব করতে পারে। শহরের ব্যস্ত সড়কগুলোতে বিদ্যমান ভেহিকেল লেন সংকুচিত করে সেখানে নিরাপদ বাইক লেন যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে এতে গাড়ির লেন থাকছে, আবার সাইক্লিস্টদের জন্য তৈরি হচ্ছে আলাদা পথও।

ডগ ফোর্ড সরকারের পাস করা বিল ৬০ ফাইটিং ডিলেজ, বিল্ডিং ফাস্টার অ্যাক্ট কার্যত নতুন বাইক লেন নির্মাণকে নিষিদ্ধ করে, বিশেষত যদি তাতে গাড়ির লেন কমাতে হয়। প্রদেশের যুক্তি গাড়ির লেন কমালে শহরের যানজট আরও বাড়বে।

তবে টরন্টো সিটির নতুন সাইক্লিং নেটওয়ার্ক প্ল্যানের হালনাগাদে দেখা যাচ্ছে, ২০ কিলোমিটারেরও বেশি নতুন বাইক লেন যোগ করার রূপরেখা তৈরি করা হয়েছে। সিটির যুক্তি গাড়ির লেন তারা কমাচ্ছে না; বরং লেনের প্রস্থ কমিয়ে একই জায়গায় আরও নিরাপদ, আধুনিক নকশায় বাইক লেন বসানো হবে।

সিটির প্রতিবেদনে বলা হয়েছে যে ভেহিকেল লেন সিটির নিজস্ব নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে সরু করা হবে, এতে গাড়ি নিরাপদ গতিতে চলতে উৎসাহিত হবে, আর সাইক্লিস্টদেরও আলাদা, সুরক্ষিত করিডর তৈরি হবে।

পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে টরন্টোর মেয়র অলিভিয়া চাউ বলেন, “এটা এক ধরনের ন্যায্য সমঝোতা। প্রথম দিন থেকেই আমি এমন সমাধানের কথা বলে আসছি, যাতে সবাই লাভবান হয়।” ট্রানজিট ভাড়া ঘোষণা উপলক্ষে তিনি আরও বলেন “আমরা গাড়ির লেন রাখব, বাইক লেনও আনব। এতে সবাই খুশি হবে এবং আমরা সাইক্লিস্টদের নিরাপদ রাখতে পারব। এটা কোনো আইনের ফাঁক গলে করা কিছু নয় এটা কার্যকর, আরও উন্নত সড়ক নকশা।”

তিনি জানান, নতুন নকশায় গাড়ি ও বাইক উভয়ের চলাচলের সুযোগ থাকবে এবং রাস্তার পুরো ডিজাইনকে আরও নিরাপদ, আধুনিক ও ব্যবহারবান্ধব করা হবে।

পরিকল্পনার অংশ হিসেবে কিংস্টন রোডের প্রায় ৬ কিলোমিটার এলাকায় নতুন সুরক্ষিত বাইক লেন স্থাপনের বিষয়টি বিবেচনায় রয়েছে। এলাকাটি যানবাহনের চাপ বেশি হওয়ায় এটি হবে পরিকল্পনার বড় পরীক্ষা বলে মনে করা হচ্ছে।

অন্টারিওর পরিবহনমন্ত্রী প্রাবমিত সরকারিয়া সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “ভেহিকেল লেনের কোনো ক্ষতি না হলে সিটির পরিকল্পনা নিয়ে আমাদের আপত্তি নেই।” তিনি আরও যোগ করেন “আমরা যা চাই, তা হলো ভেহিকেল লেন যেনো বজায় থাকে। টরন্টোতে আমরা স্মরণকালের সবচেয়ে বেশি যানজট দেখছি। যদি কোনো সড়কে একইসঙ্গে গাড়ির লেন ও বাইক লেন রাখা সম্ভব হয়, সেটি আইনসঙ্গত।”

টরন্টো সিটির এই নতুন কৌশল নিঃসন্দেহে সৃজনশীল, কারণ প্রাদেশিক আইনের সীমাবদ্ধতা মেনে, শহরের নিরাপদ পরিবহনব্যবস্থা ও জলবায়ু লক্ষ্যের দিকেও অগ্রসর হওয়া হচ্ছে।

তবে পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, সরু গাড়ির লেন ট্রাফিককে ধীর করবে যা নিরাপত্তার দিক থেকে ইতিবাচক, কিন্তু কিছু মোটরগাড়িচালক এতে অসন্তুষ্ট হতে পারেন। আবার প্রদেশের দৃষ্টিভঙ্গিও ভবিষ্যতে বদলানো বা কঠোর হওয়া সম্ভব।

তবুও টরন্টো স্পষ্ট করে দিয়েছে বাইক লেনের বিস্তার তারা থামাবে না; বরং এমন নকশা খুঁজবে, যেখানে গাড়ি ও সাইক্লিস্ট উভয়ই নিরাপদে সড়ক ব্যবহার করতে পারে।

This article was written by Masud Karim as part of the LJI

Related Articles

Back to top button