কানাডা-যুক্তরাষ্ট্র সীমান্ত বিধিতে পরিবর্তনের পরিকল্পনা: আশ্রয়প্রার্থীদের জন্য নতুন বাস্তবতা

আলী আহমেদ

কানাডার পাবলিক সেফটি মিনিস্টার ডমিনিক লাব্লাঙ্ক এই বিষয়ে তৎপর রয়েছেন বলে জানিয়েছেন তার দপ্তর

কানাডা ও যুক্তরাষ্ট্রের যৌথ সীমান্তে আশ্রয়প্রার্থীদের জন্য প্রক্রিয়াগত নিয়ম-কানুন কঠোর করার সিদ্ধান্তকে ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের এই নতুন পরিকল্পনা আশ্রয় প্রক্রিয়াকে দ্রুততর ও কার্যকর করার দাবি তুললেও, মানবাধিকারকর্মীরা বলছেন এটি আশ্রয়প্রার্থীদের মৌলিক অধিকার ও মানবিক নিরাপত্তাকে বিপন্ন করতে পারে।

কানাডার ফেডারেল সরকার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত এই পরিবর্তনগুলো Safe Third Country Agreement (STCA)–এর আওতাতেই ঘটছে এবং চুক্তির মূল কাঠামো বা শর্তে এর কোনো পরিবর্তন আসবে না। ইমিগ্রেশন, রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ কানাডার মুখপাত্র ম্যাথিউ ক্রুপোভিচ বলেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে সীমান্ত সহযোগিতা আমাদের নিয়মিত আলোচনার অংশ। আশ্রয়প্রার্থীদের প্রক্রিয়া নিয়েও দুই দেশের মধ্যে আলোচনা চলছে। আমরা অন্যান্য বিষয়ে যেভাবে একসাথে কাজ করি, এখানেও সেই সহযোগিতা অব্যাহত থাকবে।”

২০০৪ সালে কার্যকর হওয়া এই এসটিসিএ চুক্তি অনুযায়ী, কোনো আশ্রয়প্রার্থী প্রথম যে দেশে প্রবেশ করবেন, সেই দেশেই তাকে আশ্রয়ের আবেদন করতে হবে। অর্থাৎ, যুক্তরাষ্ট্রে প্রবেশ করা কোনো ব্যক্তির আবেদন কানাডা বিবেচনা করবে না, এবং উল্টো ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য।কানাডার পাবলিক সেফটি মিনিস্টার ডমিনিক লাব্লাঙ্ক এই বিষয়ে তৎপর রয়েছেন বলে জানিয়েছেন তার দপ্তর।

মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট নিশ্চিত করেছে যে তারা এসটিসিএ চুক্তির কাঠামো পর্যালোচনা করছে। তাদের দাবি, নতুন নিয়মগুলো আশ্রয়প্রার্থীদের দাবি নিরপেক্ষভাবে বিবেচনা করার প্রক্রিয়াকে আরও “স্বচ্ছ ও দক্ষ” করে তুলবে। নতুন প্রস্তাব অনুযায়ী সীমান্তে প্রবেশ করা আশ্রয়প্রার্থীদের আর আইনজীবীর সঙ্গে কথা বলার জন্য ২৪ ঘণ্টা সময় দেওয়া হবে না, পরিবর্তে সর্বোচ্চ চার ঘণ্টার মধ্যে পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, সীমান্ত কর্মকর্তারা আবেদনকারীর কাছে উপস্থিত নথি ব্যতীত অন্য কোনো অতিরিক্ত প্রমাণ বিবেচনা করবেন না। এর অর্থ হলো, আশ্রয়প্রার্থীরা পর্যাপ্ত প্রমাণ সংগ্রহ বা আইনি পরামর্শ নেওয়ার সুযোগ হারাবেন, যা অনেকের জন্য জীবন-মৃত্যুর সমান গুরুত্ব বহন করতে পারে।

ইউনিভার্সিটি অব অটোয়ার আইন অধ্যাপক জেমি চায় ইয়ুন লিউ এনআরবি টিভির কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, নতুন নীতিকে “গভীরভাবে উদ্বেগজনক” বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, “কানাডার প্রতিক্রিয়া আমাকে হতাশ করেছে। সরকার মানবিক দায়িত্ব ও আন্তর্জাতিক শরনার্থী আইনের বাধ্যবাধকতাকে গুরুত্ব না দিয়ে বরং প্রশাসনিক দক্ষতার দিকেই জোর দিচ্ছে। সীমান্তে মানবিক দিকগুলো উপেক্ষা করা হচ্ছে।” অধ্যাপক লিউ অতীতে এসটিসিএ চুক্তিকে চ্যালেঞ্জ করা আইনি দলের সদস্য ছিলেন। যদিও গত বছর কানাডার সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে এই চুক্তি সংবিধানসম্মত, তবু মানবাধিকার সংস্থাগুলো এর মানবিক পরিণতি নিয়ে প্রশ্ন তুলেছিল।

বিভিন্ন অধিকারকর্মীরা আশঙ্কা প্রকাশ করেছেন যে এই পরিবর্তন কার্যকর হলে সীমান্তে আশ্রয়প্রার্থীদের ঝুঁকি বহুগুণে বাড়বে। দ্রুত প্রক্রিয়া, আইনজীবীর সীমিত সহায়তা, এবং প্রমাণ উপস্থাপনের সুযোগ না থাকায় অনেক বৈধ আশ্রয়প্রার্থী অন্যায়ভাবে প্রত্যাখ্যাত হতে পারেন।

কানাডিয়ান কাউন্সিল ফর রিফিউজিস–এর এক বিবৃতিতে বলা হয়, “এই প্রস্তাব বাস্তবায়িত হলে আশ্রয়প্রার্থীদের জন্য ন্যায়বিচার পাওয়ার পথ আরও সংকীর্ণ হয়ে পড়বে। আশ্রয় চাওয়ার অধিকার শুধু আইনি বিষয় নয়, এটি মানবিক মর্যাদার সঙ্গে সম্পর্কিত।”

এই নীতিগত পরিবর্তন শুধু প্রক্রিয়াগত নয় বরং এটি কানাডা ও যুক্তরাষ্ট্রের মানবিক দায়বদ্ধতার মাপকাঠিতেও প্রশ্ন তুলছে। একদিকে যুক্তরাষ্ট্র বলছে, তারা সীমান্ত ব্যবস্থাপনা আরও দ্রুত ও কার্যকর করতে চায়; অন্যদিকে সমালোচকরা মনে করছেন, এই “দক্ষতা”র নামে মানবিক সংবেদনশীলতাকে বিসর্জন দেওয়া হচ্ছে।

বিশ্লেষকদের মতে, আশ্রয়প্রার্থীরা প্রায়শই যুদ্ধ, নিপীড়ন ও রাজনৈতিক সহিংসতা থেকে পালিয়ে আসে। তাদের জন্য সীমান্তে কিছুটা সময়, সহানুভূতি এবং আইনি সহায়তা জীবনরক্ষাকারী ভূমিকা রাখতে পারে। সেই জায়গাটিই যদি সংকুচিত হয়, তবে ন্যায়বিচার ও মানবাধিকারের ভিত্তি দুর্বল হয়ে যাবে।

কানাডা–যুক্তরাষ্ট্র সীমান্তে আশ্রয় নীতির নতুন কড়াকড়ি প্রশাসনিক দক্ষতা ও মানবিক মূল্যবোধের দ্বন্দ্বকে সামনে এনে দিয়েছে। এখন দেখার বিষয় এই প্রস্তাব কার্যকর হলে কতটা স্বচ্ছতা ও ন্যায় নিশ্চিত হয়, নাকি আশ্রয়প্রার্থীদের জন্য এটি হয়ে দাঁড়াবে আরেকটি অনিশ্চয়তা ও দুর্ভোগের পথ।

Related Articles

Back to top button