আতঙ্ক কাটেনি

দিদার হোসেন

কানাডার পাবলিক হেলথ এজেন্সি (PHAC) জানিয়েছে, দেশজুড়ে উদ্ভিজ্জ দুধ এবং এর বিকল্প পণ্য নিয়ে চলমান লিস্টেরিয়া সংক্রমণের হার কমে এসেছে

কানাডার পাবলিক হেলথ এজেন্সি (PHAC) জানিয়েছে, দেশজুড়ে উদ্ভিজ্জ দুধ এবং এর বিকল্প পণ্য নিয়ে চলমান লিস্টেরিয়া সংক্রমণের হার কমে এসেছে। তবে ফেডারেল সংস্থার পক্ষ থেকে সতর্ক করা হয়েছে যে পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে বলা যায় না। কারণ লিস্টেরিয়া ব্যাকটেরিয়ার সুপ্তিকাল দীর্ঘ সর্বোচ্চ ৭০ দিন পর্যন্ত থাকতে পারে যার ফলে নতুন সংক্রমণ ধীরে ধীরে শনাক্ত হতে পারে।

সংক্রমণ ব্যবস্থাপনা বিভাগের পরিচালক এপ্রিল হেক্সেমার এক সাক্ষাৎকারে বলেন, “অক্টোবর মাস পর্যন্ত সংক্রমণ বন্ধ হওয়ার আনুষ্ঠিক ঘোষণা না দিলে আমরা নিশ্চিন্ত হতে পারব না। নতুন আক্রান্তদের তথ্য নিশ্চিত করতে সময় লাগে, তাই সংক্রমণের হার কমলেও পুরোপুরি শেষ হয়েছে বলা যাবে না।”

বর্তমান তথ্য অনুযায়ী, কানাডার চারটি প্রদেশ অন্টারিও, কুইবেক, নোভা স্কশিয়া ও আলবার্টা মিলে মোট ২০ জন আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। সংক্রমণের প্রভাবে ২০২৫ সালের ৮ জুলাই সিল্ক এবং গ্রেট ভ্যালু ব্র্যান্ডের কয়েকটি উদ্ভিজ্জ দুধ বাজার থেকে প্রত্যাহার করা হয়।

ফেডারেল স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, লিস্টেরিয়া সংক্রমণের প্রথম কেস শনাক্ত হয় ২০২৩ সালের আগস্টে। এরপর সেপ্টেম্বর ও ডিসেম্বরে আরও কয়েকজন আক্রান্ত হন। বিশেষ করে ২০২৫ সালের জুনে নতুন করে নয়জন সংক্রমিত হন, যার পরে অনুসন্ধানকারীরা নমুনা সংগ্রহ করে জেনেটিক বিশ্লেষণ করেন। বিশ্লেষণে দেখা যায়, সাম্প্রতিক সংক্রমণের ব্যাকটেরিয়া স্ট্রেইন ২০২৩ সালের সংক্রমণের সঙ্গে মিল রয়েছে, অর্থাৎ একই ধরনের ব্যাকটেরিয়া দীর্ঘ সময় ধরে সক্রিয় রয়েছে।

সংক্রমণের উৎস চিহ্নিত করতে পাবলিক হেলথ এজেন্সি আক্রান্তদের সঙ্গে বিস্তারিত সাক্ষাৎকার নিয়েছে। হেক্সেমার জানান, রোগীদের দৈনন্দিন খাদ্যাভ্যাস এবং তারা কী খেয়েছেন বা পেয়েছেন তা বিশ্লেষণই সংক্রমণের মূল উৎস নির্ধারণে সবচেয়ে সহায়ক হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, লিস্টেরিয়া সংক্রমণ শিশু, বৃদ্ধ, গর্ভবতী নারী এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার মানুষের জন্য বিশেষভাবে ঝুঁকিপূর্ণ। সংক্রমণের মৃত্যুহার অন্যান্য খাদ্যজনিত রোগের তুলনায় বেশি ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত হতে পারে। কানাডায় গত দশকে গড়ে প্রতি বছর প্রায় ২০০ জন লিস্টেরিয়ায় আক্রান্ত হয়েছেন, যদিও সংক্রমণের সংখ্যা বছরে ভিন্নতা থাকে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন, উদ্ভিজ্জ দুধ ও বিকল্প খাদ্যপণ্যের চাহিদা বৃদ্ধি পাচ্ছে এবং এ কারণে খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তা বেড়েছে। ২০২৫ সালের মাঝামাঝি পর্যন্ত উদ্ভিজ্জ দুধের বাজার প্রায় ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা প্রচলিত দুগ্ধপণ্যের চাহিদাকে ছাড়িয়ে গেছে।

ফেডারেল সংস্থা বলেছে, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে উৎপাদন ও বিতরণ প্রক্রিয়ায় আরও কঠোর মানদণ্ড প্রণয়ন করা হবে। নিয়মিত পরিদর্শন, ভোক্তাদের সচেতনতা বৃদ্ধি এবং দ্রুত সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সংক্রমণের ঝুঁকি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, সংক্রমণ কমলেও ঝুঁকি পুরোপুরি শেষ হয়নি। ভোক্তাদের খাদ্য কেনার সময় ব্র্যান্ড, মেয়াদ ও সতর্কবার্তা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি বাজার থেকে প্রত্যাহার করা পণ্য ঘরে থাকলে তা অবিলম্বে ফেলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য কর্তৃপক্ষের আশা, কঠোর পদক্ষেপ ও সচেতনতা প্রচারণার মাধ্যমে সংক্রমণের বিস্তার রোধ করা সম্ভব হবে।

Related Articles

Back to top button