পাঁচটি প্রদেশে ন্যূনতম মজুরি বাড়ছে

দিদার হোসেন

আইন অনুযায়ী, ন্যূনতম মজুরি হলো প্রতিটি প্রদেশ ও অঞ্চলের নির্ধারিত সেই সর্বনিম্ন ঘণ্টাপ্রতি পারিশ্রমিক যা কোনো নিয়োগকর্তা তার কর্মচারীকে দিতে বাধ্য।

অক্টোবরের শুরুতেই কানাডার পাঁচটি প্রদেশে শ্রমজীবী মানুষের মুখে স্বস্তির খবর বৃদ্ধি পাচ্ছে ন্যূনতম ঘণ্টাপ্রতি মজুরি। ১ অক্টোবর থেকে অন্টারিও, ম্যানিটোবা, প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড, সাস্কেচুয়ান এবং নোভা স্কশিয়া প্রদেশে কার্যকর হচ্ছে এই নতুন মজুরি হার।

আইন অনুযায়ী, ন্যূনতম মজুরি হলো প্রতিটি প্রদেশ ও অঞ্চলের নির্ধারিত সেই সর্বনিম্ন ঘণ্টাপ্রতি পারিশ্রমিক যা কোনো নিয়োগকর্তা তার কর্মচারীকে দিতে বাধ্য। এই মজুরি নির্ধারণে প্রাদেশিক অর্থনীতি, মুদ্রাস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয়কে বিবেচনায় নেওয়া হয়।

অন্টারিও প্রদেশে ন্যূনতম মজুরি প্রতি বছর প্রাদেশিক মূল্যস্ফীতির হার অনুযায়ী সমন্বয় করা হয়। প্রদেশটির এমপ্লয়মেন্ট স্ট্যান্ডার্ডস অ্যাক্ট অনুযায়ী, অক্টোবর থেকে ঘণ্টাপ্রতি মজুরি ১৭.২০ ডলার থেকে বেড়ে ১৭.৬০ ডলার হবে।

প্রাদেশিক সরকারের হিসাব অনুযায়ী, সপ্তাহে ৪০ ঘণ্টা কাজ করা একজন পূর্ণকালীন কর্মী বছরে প্রায় ৮৩৫ ডলার বেশি আয় করবেন। অন্টারিও বর্তমানে কানাডার মধ্যে চতুর্থ সর্বোচ্চ ন্যূনতম মজুরির প্রদেশ। এর উপরে রয়েছে কেবল ব্রিটিশ কলাম্বিয়া, ইউকন এবং নুনাভাট।

প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডে ১ অক্টোবর থেকে ন্যূনতম মজুরি ১৬ ডলার থেকে বেড়ে ১৬.৫০ ডলার হচ্ছে। প্রদেশটির এমপ্লয়মেন্ট স্ট্যান্ডার্ডস বোর্ড প্রতি বছর মজুরি পর্যালোচনা করে এবং অর্থনৈতিক পরিস্থিতি অনুযায়ী পরিবর্তনের সুপারিশ দেয়।

আরও বড় খবর হলো, আগামী বছরের ১ এপ্রিল ২০২৬ থেকে আবারও মজুরি বাড়বে তখন এটি ঘণ্টাপ্রতি ১৭ ডলার নির্ধারিত হবে। এভাবে ধাপে ধাপে মজুরি বাড়ানোর লক্ষ্য হলো শ্রমবাজারে স্থিতিশীলতা বজায় রাখা এবং কর্মীদের জীবনমান উন্নত করা।

সাস্কেচুয়ান প্রদেশে নতুন ন্যূনতম মজুরি দাঁড়াচ্ছে ১৫.৩৫ ডলার প্রতি ঘণ্টা। এই পরিবর্তন আসছে প্রদেশের এমপ্লয়মেন্ট স্ট্যান্ডার্ডস কোড অনুযায়ী, যা প্রতি বছর মূল্যস্ফীতি ও বাজার অবস্থা বিবেচনায় আপডেট করা হয়।

অন্যদিকে, ম্যানিটোবা প্রদেশে মজুরি বৃদ্ধি পেয়ে ঘণ্টায় ১৬ ডলার হবে। বিশেষজ্ঞদের মতে, এ পদক্ষেপ স্থানীয় কর্মীদের ক্রয়ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে এবং ক্ষুদ্র ব্যবসায়িক খাতে শ্রম ধরে রাখার প্রক্রিয়াকে আরও স্থিতিশীল করবে।

নোভা স্কশিয়ায় ইতিমধ্যে ন্যূনতম মজুরি বেড়ে ১৬.৫০ ডলার হয়েছে। এ প্রদেশে গত কয়েক বছরে একাধিক ধাপে মজুরি সমন্বয় করা হয়েছে, যাতে জীবনযাত্রার ক্রমবর্ধমান খরচের সঙ্গে শ্রমজীবী মানুষের আয় সামঞ্জস্য রাখা যায়।

যেসব প্রদেশে আপাতত নতুন কোনো পরিবর্তন আসছে না, সেগুলোর বর্তমান ন্যূনতম মজুরি হল – ১) ব্রিটিশ কলাম্বিয়া: ১৭.৮৫ ডলার ২) আলবার্টা: ১৫ ডলার ৩) কুইবেক: ১৬.১০ ডলার ৪) নিউ ব্রান্সউইক: ১৫.৬৫ ডলার ৫) নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর: ১৬ ডলার ৬) ইউকন: ১৭.৯৪ ডলার ৭) নর্থওয়েস্ট টেরিটোরিজ: ১৬.৯৫ ডলার ৮) নুনাভাট: সর্বোচ্চ ১৯.৭৫ ডলার

অর্থনীতিবিদদের মতে, এই মজুরি বৃদ্ধি একদিকে শ্রমিকদের জীবনমান উন্নত করবে, অন্যদিকে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সামান্য বাড়তি ব্যয়ের মুখোমুখি করবে। বিশেষ করে খুচরা বিক্রেতা, হোটেল ও রেস্তোরাঁ খাতে ব্যয় বৃদ্ধি পেতে পারে। তবে দীর্ঘমেয়াদে এটি কর্মসংস্থান ধরে রাখার একটি ইতিবাচক পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, “মজুরি বৃদ্ধির এই ধারা যদি মূল্যস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে রাখা যায়, তাহলে এটি কর্মীদের বাস্তব আয় বৃদ্ধি করবে এবং স্থানীয় অর্থনীতিতে ভোগ ব্যয় বাড়াবে।”

অন্টারিওসহ পাঁচটি প্রদেশে অক্টোবর থেকে নতুন ন্যূনতম মজুরি কার্যকর হওয়ায় কানাডার শ্রমবাজারে এক নতুন ভারসাম্য তৈরি হচ্ছে। জীবনযাত্রার ব্যয় বাড়ার প্রেক্ষাপটে এটি শ্রমজীবী মানুষের জন্য এক স্বস্তির বার্তা হলেও ব্যবসায়িক মহল এখন নজর রাখছে এই পরিবর্তন বাস্তবে কীভাবে প্রভাব ফেলবে।

Related Articles

Back to top button