ফেরত দেওয়া প্রাইভেট জেট বাবদ ২ লাখ ডলার ব্যয় করেছে অন্টারিও

আনাস মোহাম্মদ

অন্টারিও প্রদেশের প্রিমিয়ার ডাগ ফোর্ড সরকারের বিতর্কিত প্রাইভেট জেট কেনা ও দ্রুত বিক্রির ঘটনায় নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে

কানাডার অন্টারিও প্রদেশের প্রিমিয়ার ডাগ ফোর্ড সরকারের বিতর্কিত প্রাইভেট জেট কেনা ও দ্রুত বিক্রির ঘটনায় নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বুধবার প্রকাশিত সরকারি রশিদ ও নথিতে দেখা গেছে, জেটটি সরকার মাত্র ১২ দিনের জন্য নিজেদের মালিকানায় রাখলেও এই অল্প সময়ের মধ্যেই করদাতাদের গুনতে হয়েছে প্রায় ২ লাখ ডলার অতিরিক্ত ব্যয়।

নথি অনুযায়ী, ২০২৬ সালের ১৫ এপ্রিল অন্টারিও সরকার পুরোনো একটি বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার ৬৫০ উড়োজাহাজ কিনেছিল। কর-পূর্ব এই ক্রয়ের মূল্য ছিল ২ কোটি ১০ লাখ ডলার। পরে মাত্র ১২ দিনের মাথায়, ২৭ এপ্রিল, একই দামে উড়োজাহাজটি আবারও নির্মাতা প্রতিষ্ঠান বোম্বার্ডিয়ের কাছেই বিক্রি করে দেওয়া হয়।

তবে সরকার একই দামে জেটটি বিক্রি করতে সক্ষম হলেও পুরো প্রক্রিয়ায় যুক্ত আনুষঙ্গিক ব্যয় এড়ানো সম্ভব হয়নি। সরকারি হিসাবে দেখা গেছে, রক্ষণাবেক্ষণ, সংরক্ষণ, আইনি সহায়তা, পরিচালন প্রস্তুতি এবং বিক্রয়–সংক্রান্ত বিভিন্ন খাতে মোট ১ লাখ ৯০ হাজার ৮৬৫ দশমিক ৫৬ ডলার ব্যয় হয়েছে। অর্থাৎ, উড়োজাহাজটি কার্যত কোনো ব্যবহার ছাড়াই করদাতাদের ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি করেছে।

প্রিমিয়ার ডাগ ফোর্ডের সরকার শুরু থেকেই এই জেট কেনা নিয়ে বিরোধীদের তীব্র সমালোচনার মুখে ছিল। বিশেষ করে, কেন একটি পুরোনো প্রাইভেট জেট কেনা হলো এবং পরে এত দ্রুত কেন সেটি ফেরত বিক্রি করা হলো এই প্রশ্ন বারবার উঠছিল অন্টারিওর রাজনৈতিক অঙ্গনে। বিরোধী দলগুলোর চাপের মুখেই শেষ পর্যন্ত সরকার রশিদ ও লেনদেন–সংক্রান্ত নথি প্রকাশ করতে বাধ্য হয়। প্রকাশিত নথিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, উড়োজাহাজটি সংরক্ষণ, প্রযুক্তিগত প্রস্তুতি এবং দ্রুত ফেরত দেওয়ার প্রক্রিয়ায় উল্লেখযোগ্য অঙ্কের অর্থ ব্যয় হয়েছে। অন্টারিওর প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের এক ব্রিফিং নথিতে বলা হয়েছে, “ক্রয় সহায়তা, পরিচালন প্রস্তুতি এবং শেষ পর্যন্ত উড়োজাহাজ ফেরত দেওয়ার সঙ্গে সংশ্লিষ্ট মোট ব্যয় দাঁড়িয়েছে ১ লাখ ৯০ হাজার ৮৬৫ দশমিক ৫৬ ডলার।”

ঘটনাটি প্রকাশ্যে আসার পর অন্টারিওর বিরোধী রাজনৈতিক দলগুলো সরকারের বিরুদ্ধে আরও আক্রমণাত্মক অবস্থান নিয়েছে। অন্তর্বর্তীকালীন লিবারেল নেতা John Fraser এক বিবৃতিতে বলেন, জেটটি বিক্রি করা হয়েছে কি হয়নি, সেটি এখন আর মূল বিষয় নয়। তার ভাষায়, “ডাগ ফোর্ড এবং তার কনজারভেটিভ সরকার সব সময়ই এই প্রাইভেট জেটের মালিক হিসেবে পরিচিত থাকবে। সরকারের প্রতিটি মন্ত্রী এই সিদ্ধান্তের আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন এবং অন্টারিওর ১ কোটি ৬০ লাখ মানুষের কাছে তাদের জবাবদিহি করতে হবে।” ফ্রেজারের বক্তব্যে স্পষ্ট, বিরোধীরা এই ইস্যুকে শুধু একটি আর্থিক ভুল সিদ্ধান্ত হিসেবেই দেখছে না; বরং তারা এটিকে সরকারের সিদ্ধান্ত গ্রহণের অদক্ষতা ও জনসম্পদের অপচয়ের প্রতীক হিসেবে তুলে ধরতে চাইছে।

পুরো ঘটনায় সাধারণ মানুষের মধ্যেও প্রশ্ন তৈরি হয়েছে যদি সরকার একই দামে জেটটি বিক্রি করতেই পারত, তাহলে শুরুতেই কেন এমন একটি ব্যয়বহুল ও বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল? আরও বড় প্রশ্ন হলো, মাত্র ১২ দিনের ব্যবধানে কেন নীতিগত অবস্থান বদলাতে হলো? এই ঘটনা ডাগ ফোর্ড সরকারের ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কারণ, অর্থনৈতিক চাপ ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সময়ে জনগণের করের অর্থ এভাবে ব্যয় হওয়া ভোটারদের মধ্যে অসন্তোষ বাড়াতে পারে।

অন্যদিকে, সরকারপক্ষ এখনো দাবি করছে যে তারা শেষ পর্যন্ত উড়োজাহাজটি একই দামে বিক্রি করতে পেরেছে, ফলে বড় ধরনের আর্থিক ক্ষতি হয়নি। কিন্তু সমালোচকদের মতে, “ক্ষতি শুধু টাকার নয় জনআস্থারও।”

Related Articles

Back to top button