ফ্রিল্যান্ডের ছেড়ে দেওয়া আসনে লিবারেল প্রার্থী ড্যানিয়েলে মার্টিন

কামরুল ইসলাম

ড্যানিয়েলে মার্টিন পেশাগত জীবনে একজন পারিবারিক চিকিৎসক।

কানাডার রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে টরন্টোর ইউনিভার্সিটি-রোজডেল নির্বাচনী এলাকায়। সাবেক উপপ্রধানমন্ত্রী ও লিবারেল এমপি ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড পদত্যাগ করার পর এই আসনে উপনির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে। আসনটি ধরে রাখার লক্ষ্যে লিবারেল পার্টি অব কানাডা তাদের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে টরন্টোর বিশিষ্ট চিকিৎসক ড্যানিয়েলে মার্টিনের নাম।

ড্যানিয়েলে মার্টিন পেশাগত জীবনে একজন পারিবারিক চিকিৎসক। পাশাপাশি তিনি ইউনিভার্সিটি অব টরন্টো-এর ফ্যামিলি অ্যান্ড কমিউনিটি মেডিসিন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। স্বাস্থ্যসেবা ও কমিউনিটি মেডিসিনে দীর্ঘ অভিজ্ঞতা ও অবদানের কারণেই তাকে এই গুরুত্বপূর্ণ রাইডিংয়ের জন্য উপযুক্ত প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটি।

লিবারেল পার্টির প্রেসিডেন্ট সাচিত মেহরা এক বিবৃতিতে বলেন, ড্যানিয়েলে মার্টিন তার পুরো কর্মজীবন কানাডার স্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন ও সাধারণ মানুষের সেবায় উৎসর্গ করেছেন। তার মতো একজন চিকিৎসকের রাজনৈতিক অঙ্গনে আসা স্বাস্থ্যনীতি ও সামাজিক সেবায় নতুন দৃষ্টিভঙ্গি আনবে বলেও তিনি আশাবাদ প্রকাশ করেন।

উল্লেখ্য, গত ৯ জানুয়ারি ইউনিভার্সিটি-রোজডেলের এমপি পদ থেকে পদত্যাগ করেন ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। এক দশকেরও বেশি সময় ধরে তিনি এই আসনের প্রতিনিধিত্ব করেছেন। পদত্যাগের পেছনে কারণ হিসেবে জানা যায়, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি-এর অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক উপদেষ্টার প্রস্তাব গ্রহণের সিদ্ধান্ত নেন তিনি। এই দায়িত্ব নেওয়ার পর তিনি হাউজ অব কমন্স ছাড়েন, যার ফলে আসনটি শূন্য হয়ে পড়ে এবং উপনির্বাচনের পথ তৈরি হয়।

তবে এখনো পর্যন্ত ইউনিভার্সিটি-রোজডেল উপনির্বাচনের ভোটগ্রহণের নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি ইলেকশন্স কানাডা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই উপনির্বাচন শুধু একটি আসনের লড়াই নয়; বরং এটি লিবারেল পার্টির ভবিষ্যৎ অবস্থান এবং শহুরে ভোটারদের মনোভাব বোঝার একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হয়ে উঠতে পারে।

ড্যানিয়েলে মার্টিনের মনোনয়ন ঘোষণার মধ্য দিয়ে ইউনিভার্সিটি-রোজডেল আসনে রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে। ভোটের তারিখ ঘোষণা হলে অন্যান্য দলগুলোর কৌশল ও প্রার্থীতালিকাও আরও স্পষ্ট হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে।

Related Articles

Back to top button