স্কারবোরোর সবচেয়ে বিপন্নদের খাবার তুলে দিতে নতুন দুই উদ্যোগ

মাসুদ করিম

ফিড স্কারবোরোর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুমন রয় বলেন, স্কারবোরোর যাতায়াত কেমন তা আমরা সবাই জানি। আমাদের এখানে এখন বিপদগ্রস্ত মানুষ রয়েছেন, যারা আমাদের কাছে আসতে পারেন না। তাই আমরাই তাদের কাছে যাব

স্কারবোরোর সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও বিপন্ন বাসিন্দাদের কাছে খাবার পৌঁছে দিতে দুটি নতুন উদ্যোগের সূচনা করেছে অলাভজনক প্রতিষ্ঠান ফিড স্কারবোরো (Feed Scarborough)। মঙ্গলবার প্রতিষ্ঠানটি এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের নতুন ফুড ট্রাক এবং আরএক্সইটস (RxEats) কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করে। এই উদ্যোগগুলো মূলত এমন মানুষদের জন্য, যারা আর্থিক অনটন, গৃহহীনতা বা চলাফেরার সীমাবদ্ধতার কারণে নিয়মিত খাবারের সংস্থান করতে পারেন না।

ফিড স্কারবোরোর নতুন ফুড ট্রাকটি একসময় পিউরোলেটরের একটি ডেলিভারি ট্রাক ছিল, যেটিকে এখন সম্পূর্ণভাবে খাদ্য বিতরণে উপযোগী করে তোলা হয়েছে। এটি এখন একটি চলমান ফুড সার্ভিস সেন্টারে রূপ নিয়েছে। ট্রাকটি এগ্রিকালচারাল অ্যান্ড এগ্রি-ফুড কানাডার অর্থায়নে পরিচালিত হবে এবং স্কারবোরোর বিভিন্ন এলাকায় গরম ও প্রস্তুত খাবার সরবরাহ করবে বিশেষত যেখানে খাদ্যের চাহিদা সবচেয়ে বেশি।

খাদ্য উপকরণগুলো সংগ্রহ করা হচ্ছে সেকেন্ড হার্ভেস্ট ও স্থানীয় খাদ্য ব্যবসায়ীদের সহযোগিতায়। এসব উপকরণ দিয়েই রান্না করা হবে পুষ্টিকর খাবার। ফিড স্কারবোরোর প্রতিষ্ঠাতা ও সিইও সুমন রায় বলেন, “আমরা জানি স্কারবোরোর যাতায়াত ব্যবস্থা অনেকের জন্য বড় প্রতিবন্ধকতা। অনেক বিপদগ্রস্ত মানুষ আমাদের ফুড ব্যাংকে আসতে পারেন না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা নিজেরাই তাদের কাছে খাবার পৌঁছে দেব।”

তিনি আরও বলেন, “গৃহহীন মানুষেরা কোনো রান্নাঘর পান না, ফলে ফুড ব্যাংকের কাঁচা খাবার তাদের কাজে আসে না। তাই আমরা গরম, প্রস্তুত খাবার সরাসরি তাদের হাতে তুলে দিতে যাচ্ছি বিশেষ করে আসন্ন শীতের কঠিন মাসগুলোতে।”

ফুড ট্রাকটি শুধু খাবার সরবরাহেই সীমাবদ্ধ থাকবে না। সন্ধ্যায় ও সপ্তাহান্তে এটি কমিউনিটি ট্রেনিং সাইট হিসেবে ব্যবহৃত হবে, যেখানে স্থানীয় বাসিন্দারা ফুড ট্রাক ব্যবসা চালানোর প্রশিক্ষণ পাবেন। এর লক্ষ্য হলো নতুন কর্মদক্ষতা তৈরি করে মানুষকে আত্মনির্ভর হতে সহায়তা করা।

ফিড স্কারবোরোর দ্বিতীয় উদ্যোগটি স্বাস্থ্য ও পুষ্টিকে একত্র করে একটি অভিনব কর্মসূচি হিসেবে আত্মপ্রকাশ করেছে আরএক্সইটস। এই প্রকল্পের মাধ্যমে একটি পুরনো অ্যাম্বুলেন্সকে সংস্কার করে খাবার বিতরণের কাজে ব্যবহার করা হচ্ছে। ধারণাটি হলো “খাদ্যই হচ্ছে ওষুধ” (Food is Medicine)।

এই উদ্যোগের লক্ষ্য হলো, যারা চিকিৎসা পরামর্শ অনুযায়ী বিশেষ ডায়েটের প্রয়োজনীয়তা অনুভব করেন যেমন ডায়াবেটিস, হৃদরোগ বা উচ্চ রক্তচাপের রোগী তাদের কাছে উপযুক্ত ও স্বাস্থ্যকর খাবার পৌঁছে দেওয়া। এর মাধ্যমে খাদ্য ও স্বাস্থ্য সেবা একত্রে পৌঁছে যাবে সেই সব মানুষের দরজায়, যারা সাধারণত স্বাস্থ্যসেবা পাওয়ার ক্ষেত্রেও বঞ্চিত হন।

এই দুটি উদ্যোগ ইতোমধ্যে স্থানীয় কমিউনিটিতে আশার সঞ্চার করেছে। স্কারবোরো দীর্ঘদিন ধরে কানাডার সবচেয়ে খাদ্য-নিরাপত্তাহীন অঞ্চলের একটি হিসেবে পরিচিত। বিশেষত মুদ্রাস্ফীতি ও বাসস্থানের সংকটে অনেক নিম্নআয়ের পরিবার দৈনন্দিন খাবারের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে।

ফিড স্কারবোরোর এই কর্মসূচি সেই সংকট মোকাবিলায় এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। সুমন রায় বলেন, “আমরা চাই প্রতিটি মানুষ যেন জানে তাদের কথা কেউ ভাবছে, কেউ পাশে আছে। খাবার শুধু পেট ভরানোর জিনিস নয়, এটি মর্যাদা ও মানবিকতার প্রতীক।”

ফিড স্কারবোরোর ফুড ট্রাক ও আরএক্সইটস উদ্যোগ দুটি শুধু দানমূলক কর্মসূচি নয়, বরং এটি একটি মানবিক আন্দোলন যা মানুষের মৌলিক অধিকার, সমতা ও সহমর্মিতার প্রতীক। যখন অনেকেই প্রতিদিনের খাবার জোগাতে সংগ্রাম করছেন, তখন এই প্রকল্পগুলো স্কারবোরোর সবচেয়ে বিপন্ন মানুষের জীবনে আশার আলো হয়ে উঠছে।

This article was written by Masud Karim as part of the LJI

Related Articles

Back to top button