সম্মানজনক পদকপ্রাপ্তিতে পিসি পার্টিকে অনুদান প্রদানকারীদের প্রাধান্য

জামির হোসেন

অন্টারিও প্রাদেশিক পার্লামেন্টের সদস্যদের (এমপিপি) মনোনীত সম্মানজনক কিং চার্লস তৃতীয় করোনেশন মেডাল গ্রহীতাদের তালিকা ঘিরে রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ উঠেছে।

অন্টারিও প্রাদেশিক পার্লামেন্টের সদস্যদের (এমপিপি) মনোনীত সম্মানজনক কিং চার্লস তৃতীয় করোনেশন মেডাল গ্রহীতাদের তালিকা ঘিরে রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ উঠেছে। সিটিভি নিউজের হাতে আসা নথি বিশ্লেষণ করে দেখা গেছে, সরকারি দল প্রোগ্রেসিভ কনজার্ভেটিভ (পিসি) পার্টিকে রাজনৈতিক অনুদানদাতাদের মধ্যে পদক পাওয়ার হার বিরোধীদল নিউ ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)-র অনুদানদাতাদের তুলনায় প্রায় পাঁচগুণ বেশি।

গভর্নর জেনারেলের কার্যালয়ের তথ্য অনুযায়ী, অন্টারিওর এমপিপিরা মোট ১ হাজার ৪৪৭ জনকে করোনেশন মেডালের জন্য মনোনীত করেছেন। সিটিভি নিউজ এই ১ হাজার ৪৪৭ জন মনোনীত ব্যক্তির রাজনৈতিক অনুদানের ইতিহাস পর্যালোচনা করে দেখে, তাঁদের মধ্যে প্রায় ৫০০ জন কোনো না কোনো রাজনৈতিক দলে অনুদান দিয়েছেন।

ইলেকশন্স অন্টারিওর রেকর্ড অনুযায়ী, ২০১৮ সালে প্রোগ্রেসিভ কনজার্ভেটিভ পার্টি ক্ষমতায় আসার পর থেকে এই অনুদানদাতা গ্রুপটি বিভিন্ন রাজনৈতিক দলে অর্থ প্রদান করেছে। এর মধ্যে গ্রিন পার্টিকে দেওয়া হয়েছে প্রায় ৬০ হাজার ডলার, অন্টারিও লিবারেল পার্টিকে প্রায় ২ লাখ ৯৫ হাজার ডলার এবং এনডিপিকে প্রায় ৫ লাখ ডলার। অথচ একই সময়ে সরকারি দল পিসি পার্টি পেয়েছে প্রায় ২৫ লাখ ডলার অনুদান। এই পরিসংখ্যান অনুযায়ী, পিসি পার্টির প্রাপ্ত অনুদান এনডিপির তুলনায় প্রায় পাঁচগুণ।

ডেমোক্রেসি ওয়াচ নামের একটি গণতান্ত্রিক নজরদারি সংস্থার সহ-প্রতিষ্ঠাতা ডাফ ক্যানাচার মনে করেন, করোনেশন মেডাল প্রদানের ক্ষেত্রে রাজনীতি বড় ভূমিকা রেখেছে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “রাজনীতিবিদরা যখন কোনো কিছু প্রদান করেন, তখন প্রায়শই তার ভিত্তি হয় রাজনীতি। এই ক্ষেত্রে অর্থ ও পক্ষপাত নিয়ে যে ধারণা তৈরি হয়েছে, তা পুরো পদক ব্যবস্থাকেই কলঙ্কিত করছে।”

ক্যানাচারের মতে, ক্ষমতাসীন দল হিসেবে পিসি পার্টি স্বাভাবিকভাবেই অনুদান সংগ্রহে এগিয়ে থাকে। পাশাপাশি সাম্প্রতিক সময়ে পিসি পার্টিতে এক হাজার ডলার বা তার বেশি অঙ্কের অনুদানও বেড়েছে, যা এই বৈষম্যের একটি বড় কারণ।

এই বিতর্কে একটি উল্লেখযোগ্য উদাহরণ হিসেবে উঠে এসেছে ডেন্টাক্লাউড নামের একটি প্রতিষ্ঠানের বিষয়টি। প্রতিষ্ঠানটি অন্টারিও সরকারের দক্ষতা উন্নয়ন তহবিল থেকে প্রায় ২০ লাখ ডলার আর্থিক সহায়তা পেয়েছে। কোম্পানিটির পরিচালক জন ম্যাগিরিয়াস পিসি পার্টিকে প্রায় ২০ হাজার ডলার অনুদান দিয়েছেন এবং তিনিও কিং চার্লস তৃতীয় করোনেশন মেডাল পেয়েছেন।

কোম্পানিটির ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, কিছুদিন আগ পর্যন্ত জন ম্যাগিরিয়াস অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ডের পরিবারকে চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন। যদিও এই দাবি সরাসরি অস্বীকার করেছেন প্রিমিয়ার ডগ ফোর্ড।

উল্লেখ্য, কানাডার জন্য উল্লেখযোগ্য অবদান রাখা এবং দেশের সুনাম বৃদ্ধিতে ভূমিকা রাখা প্রায় ৩০ হাজার মানুষকে কিং চার্লস তৃতীয় করোনেশন মেডাল প্রদান করা হয়েছে। এই ব্যক্তিদের নির্বাচন করেছে কানাডাজুড়ে কাজ করা বিভিন্ন পাবলিক সার্ভিস সংগঠন। তবে অন্টারিওতে এমপিপিদের মনোনয়নের ক্ষেত্রে রাজনৈতিক অনুদানদাতাদের আধিক্য নতুন করে প্রশ্ন তুলেছে এই সম্মাননা কি সত্যিই অবদান ও সেবার স্বীকৃতি, নাকি এর পেছনে রাজনৈতিক ঘনিষ্ঠতা ও অর্থনৈতিক প্রভাব কাজ করছে?

এই বিতর্ক এখনো চলমান, আর স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার দাবিতে বিষয়টি আরও গভীরভাবে পর্যালোচনার আহ্বান জানিয়েছেন বিশ্লেষক ও গণতন্ত্রকামী সংগঠনগুলো।

Related Articles

Back to top button