কম যোগ্য কর্মীদের দিকে ঝুঁকছে অন্টারিওর চাইল্ডকেয়ার সেন্টারগুলো

দিদার হোসেন

অলাভজনক গবেষণা ও নীতিনির্ধারণী সংস্থা বিল্ডিং ব্লকস ফর চাইল্ডকেয়ার প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে, গত কয়েক বছরে ‘পরিচালকের অনুমোদন’ ব্যবহারের হার অস্বাভাবিকভাবে বেড়েছে।

কানাডার অন্টারিও প্রদেশে সনদধারী চাইল্ডকেয়ার সেন্টারগুলোতে ক্রমেই কম যোগ্য ও কম প্রশিক্ষিত কর্মীদের ওপর নির্ভরতা বাড়ছে। প্রাদেশিক উপাত্তের সাম্প্রতিক এক বিশ্লেষণে এমন চিত্রই উঠে এসেছে, যা শিশুদের প্রারম্ভিক শিক্ষার মান ও নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।

অলাভজনক গবেষণা ও নীতিনির্ধারণী সংস্থা বিল্ডিং ব্লকস ফর চাইল্ডকেয়ার প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে, গত কয়েক বছরে ‘পরিচালকের অনুমোদন’ ব্যবহারের হার অস্বাভাবিকভাবে বেড়েছে। এই অনুমোদন একটি বিশেষ ছাড়, যার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত নন এমন আর্লি চাইল্ডহুড এডুকেটরদের নিয়োগ দেওয়া যায় যদিও সাধারণত এসব পদের জন্য সনদ বাধ্যতামূলক।

প্রতিবেদের উপাত্ত অনুযায়ী, ২০২০-২০২১ শিক্ষাবর্ষে অন্টারিওতে পরিচালকের অনুমোদনের সংখ্যা ছিল মাত্র ১৫৯টি। কিন্তু ২০২৪-২০২৫ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৯৯৭টিতে। অর্থাৎ মাত্র চার বছরের ব্যবধানে এই অনুমোদনের ব্যবহার বেড়েছে প্রায় ১,১৫৬ শতাংশ যা বিশেষজ্ঞদের মতে অত্যন্ত উদ্বেগজনক প্রবণতা।

বিল্ডিং ব্লকস ফর চাইল্ডকেয়ারের নীতি গবেষক অশ্বিনি উথায়াকুমারান বলেন, “আমি মনে করি এই প্রবণতা সত্যিই আশঙ্কাজনক। এটি কীভাবে দীর্ঘমেয়াদে একটি টেকসই সমাধান হতে পারে, তা স্পষ্ট নয়। এখানে কর্মী সংকট সমাধানের কোনো সুপরিকল্পিত রোডম্যাপ আছে বলে মনে হয় না।”

সংস্থাটির চেয়ার সুজান কোলি আরও কড়া ভাষায় বলেন, “পরিচালকের অনুমোদনের ব্যবহার এক হাজার শতাংশেরও বেশি বৃদ্ধি পাওয়া কোনোভাবেই স্বাভাবিক হতে পারে না। এটি পুরো ব্যবস্থার ভেতরের দুর্বলতাকেই তুলে ধরছে।”

সাধারণত অন্টারিওতে একজন নিবন্ধিত আর্লি চাইল্ডহুড এডুকেটর হতে হলে আর্লি চাইল্ডহুড এডুকেশন বিষয়ে দুই বছরের ডিপ্লোমা সম্পন্ন করতে হয়, অথবা কলেজ অব আর্লি চাইল্ডহুড এডুকেটরস স্বীকৃত অন্য কোনো প্রশিক্ষণ প্রোগ্রাম শেষ করতে হয়। এই প্রশিক্ষণ শিশুদের মানসিক, সামাজিক ও শিক্ষাগত বিকাশ সম্পর্কে পেশাদার জ্ঞান ও দক্ষতা নিশ্চিত করে।

কিন্তু পরিচালকের অনুমোদনের আওতায় এসব শর্ত পূরণ না করেও কাউকে নিবন্ধিত চাইল্ডকেয়ার সেন্টারে কাজের সুযোগ দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, অনেক ক্ষেত্রে এই অনুমোদন ব্যবহার করে সুপারভাইজর বা কর্মসূচি পরিচালকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বপূর্ণ পদেও লোক নিয়োগ দেওয়া হচ্ছে।

গবেষকদের মতে, পরিচালকের অনুমোদন মূলত কর্মী সংকট মোকাবিলায় একটি স্বল্পমেয়াদি ব্যবস্থা হিসেবে চালু করা হয়েছিল। কিন্তু বাস্তবে এটি এখন নিয়মিত নিয়োগ ব্যবস্থার অংশে পরিণত হচ্ছে।

প্রতিবেদের তথ্য অনুযায়ী, ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে অন্টারিওতে নন-আরইসিই সুপারভাইজরের সংখ্যা বেড়েছে ১৫১ শতাংশ। একই সময়ে আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত নতুন সুপারভাইজরের সংখ্যা বেড়েছে ১১৮ শতাংশ। অর্থাৎ যোগ্য সুপারভাইজর বাড়লেও, তার চেয়েও দ্রুত হারে বাড়ছে সনদবিহীন সুপারভাইজরের সংখ্যা।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, এই প্রবণতা অব্যাহত থাকলে চাইল্ডকেয়ার সেবার গুণগত মান ক্ষতিগ্রস্ত হতে পারে এবং দীর্ঘমেয়াদে শিশুদের প্রাথমিক শিক্ষায় নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। তারা মনে করছেন, কেবল অস্থায়ী ছাড় নয় বরং প্রশিক্ষিত কর্মী ধরে রাখা, ভালো বেতন কাঠামো ও পেশাগত সম্মান নিশ্চিত করার দিকেই এখন নীতিনির্ধারকদের নজর দেওয়া জরুরি।

Related Articles

Back to top button