নতুন জাতীয় ইমার্জেন্সি অ্যালার্ট সিস্টেমের জন্য সাড়ে ৫ কোটি বরাদ্দের প্রস্তাব বাজেটে

মাসুদ করিম

অ্যালার্ট রেডি নামের ন্যাশনাল পাবলিক অ্যালার্র্টিং সিস্টেম জননিরাপত্তা সংক্রান্ত হুমকি ও প্রাকৃতিক দুর্যোগ সংক্রান্ত জরুরি বার্তা ফোন টেলিভিশন ও রেডিওর মাধ্যমে কানাডিয়ানদের কাছে পাঠিয়ে থাকে

কানাডায় জরুরি পরিস্থিতি মোকাবিলায় আরও কার্যকর ও দ্রুতগতির সতর্কবার্তা নিশ্চিত করতে নতুন জাতীয় ইমার্জেন্সি অ্যালার্ট সিস্টেম চালুর লক্ষ্যে ফেডারেল বাজেটে ৫ কোটি ৫০ লাখ ডলার বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। মঙ্গলবার উপস্থাপিত বাজেটে আগামী চার বছরে ধাপে ধাপে এই অর্থ ব্যয়ের পরিকল্পনা জানানো হয়। ২০২৬-২৭ অর্থবছর থেকে বাজেট বরাদ্দ কার্যকর হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নতুন অ্যালার্টিং মডেল চালুর পর চলমান ভিত্তিতে আরও এক কোটি ৩৪ লাখ ডলার ব্যয় করা হবে।

২০২০ সালের এপ্রিলে নোভা স্কশিয়ায় ঘটে যাওয়া ভয়াবহ গুলিবর্ষণের ঘটনায় ২২ জন নিহত হন। এই ঘটনাকে কেন্দ্র করে গঠিত মাস ক্যাজুয়ালটি কমিশন তদন্তের পর ‘অ্যালার্ট রেডি’ সিস্টেমের পূর্ণাঙ্গ পর্যালোচনা ও সংস্কারের সুপারিশ করে। তদন্তে উঠে আসে যে, রাজ্যজুড়ে হত্যাকাণ্ড চলাকালে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) দ্রুত অ্যালার্ট জারি না করায় বহু মানুষ সময়মতো সতর্কতার বার্তা পাননি। আরসিএমপি তখন টুইটারের ওপর নির্ভর করে তথ্য প্রচার করেছিল, যা অনেক ভুক্তভোগী ও পরিবারকে ক্ষুব্ধ করে।

বিশেষজ্ঞরা বলেন, যদি ‘অ্যালার্ট রেডি’ ব্যবস্থাটি সেদিন সক্রিয়ভাবে ব্যবহার করা হতো, তবে অনেক প্রাণ রক্ষা করা সম্ভব ছিল। বিশেষজ্ঞ সাক্ষ্য অনুযায়ী, দেরি হওয়া যোগাযোগ ও প্রযুক্তিগত সীমাবদ্ধতা পুরো দেশের জরুরি সতর্কতা ব্যবস্থার কাঠামোগত দুর্বলতাকে স্পষ্ট করেছে।

বর্তমানে অন্টারিও-ভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান পেলমোরেক্স ফেডারেল সরকারের হয়ে ‘অ্যালার্ট রেডি’ সফটওয়্যার পরিচালনা করে। কিন্তু কোম্পানি-নেতৃত্বাধীন মডেলটিকে অকার্যকর ও জটিল উল্লেখ করে সমালোচনা করেছেন গণতদন্তে সাক্ষ্য দেওয়া একাধিক বিশেষজ্ঞ। তাদের মতে, জরুরি মুহূর্তে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের জন্য সরকারি সংস্থার আরও সরাসরি নিয়ন্ত্রণ প্রয়োজন।

ফেডারেল সরকার নতুন বাজেট ঘোষণায় জানায়, জরুরি সতর্কতা ব্যবস্থাকে আধুনিকায়ন, দ্রুতবার্তা প্রেরণ, এবং জাতীয়-প্রাদেশিক সব পর্যায়ে সমন্বয়সহকারে পরিচালনার জন্য নতুন অ্যালার্টিং মডেল চালু করা জরুরি হয়ে উঠেছে। এই সংস্কারের মাধ্যমে ফোন, টেলিভিশন, রেডিও এবং অন্যান্য যোগাযোগ মাধ্যম আরও সমন্বিত হয়ে কাজ করবে।

কানাডার বর্তমান ‘অ্যালার্ট রেডি’ ব্যবস্থা জননিরাপত্তা সংক্রান্ত বড় ধরনের হুমকি প্রাকৃতিক দুর্যোগ, সন্ত্রাসী হামলা, শিশু অপহরণসহ যেকোনো জরুরি ঘটনার তথ্য দ্রুত নাগরিকদের কাছে পৌঁছে দেয়। এটি ফেডারেল, প্রাদেশিক এবং আঞ্চলিক সরকার ও শিল্প অংশীদারদের যৌথ উদ্যোগে পরিচালিত একটি ন্যাশনাল পাবলিক অ্যালার্টিং সিস্টেম। তবে সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন প্রদেশে সিস্টেমের বিলম্ব, প্রযুক্তিগত ত্রুটি এবং দায়িত্ব বণ্টনগত সমস্যার কারণে প্রশ্ন উঠেছে। নোভা স্কশিয়া ঘটনার পর থেকে এই প্রশ্ন আরও তীব্র হয়েছে।

পাবলিক সেফটি কানাডা বলছে, নতুন বরাদ্দের অর্থে এমন একটি অ্যালার্ট সিস্টেম তৈরি করা হবে যা দ্রুত, নির্ভুল এবং প্রেক্ষিতভেদে বিস্তৃত বার্তা পাঠাতে সক্ষম হবে। জরুরি মুহূর্তে পুলিশের মতো প্রথম প্রতিক্রিয়াদাতারা সরাসরি অ্যালার্ট জারি করতে পারবেন কিনা তাও পর্যালোচনায় রয়েছে।

এটি বাস্তবায়িত হলে কানাডার জরুরি ব্যবস্থাপনায় একটি বড় পরিবর্তন আসবে বলে ধারণা করা হচ্ছে, যা ভবিষ্যতের সংকট মুহূর্তে প্রাণহানি রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

This article was written by Masud Karim as part of the LJI

Related Articles

Back to top button